বিশিষ্ট সাংবাদিক প্রীতি গুহ মজুমদারের প্রয়াণ, শোক প্রকাশ করল প্রেস ক্লাব কলকাতা
​কলকাতা, ১৮ জুন (হি. স.): বিশিষ্ট সাংবাদিক তথা প্রেস ক্লাব, কলকাতার সদস্যা প্রীতি গুহ মজুমদার প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সল্টলেকের মণিপাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, কন্যা
বিশিষ্ট সাংবাদিক প্রীতি গুহ মজুমদারের প্রয়াণ, শোক প্রকাশ করল প্রেস ক্লাব কলকাতা


​কলকাতা, ১৮ জুন (হি. স.): বিশিষ্ট সাংবাদিক তথা প্রেস ক্লাব, কলকাতার সদস্যা প্রীতি গুহ মজুমদার প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সল্টলেকের মণিপাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, কন্যা ও জামাতাকে রেখে গিয়েছেন। প্রবীণ এই সাংবাদিকের প্রয়াণে কলকাতা তথা রাজ্যের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​ছাত্রজীবন থেকেই প্রীতি গুহ মজুমদার বামপন্থী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি তৎকালীন ‘প্রভাতী সত্যযুগ’ পত্রিকায় যোগ দিয়ে তাঁর সাংবাদিকতা জীবন শুরু করেন। আশির দশকের মাঝামাঝি সময়ে ‘সত্যযুগ’ সহ কলকাতার অন্যান্য সংবাদপত্রের শ্রমিক আন্দোলনে তিনি অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন। তাঁর সহ-নেতৃত্বেই ১৯৮৭ সালের ২ জুলাই গঠিত হয়েছিল ‘সত্যযুগ এমপ্লায়িজ কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি লিমিটেড’। পরবর্তীকালে ২০০১ সালে যখন ‘সান্ধ্য সত্যযুগ’-এর সূচনা হয়, তখন প্রথম থেকেই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তাঁর সহকর্মীদের মতে, প্রীতি দেবীর অসামান্য নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার ওপর ভর করেই সত্যযুগ প্রেস দেশের অন্যতম বৃহৎ সমবায় প্রতিষ্ঠানে পরিণত হতে পেরেছিল।

​সদালাপী ও মিষ্টভাষী স্বভাবের জন্য সাংবাদিক মহলে প্রীতি গুহ মজুমদার অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে প্রেস ক্লাব, কলকাতা। ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক এক যৌথ বিবৃতিতে প্রয়াত সাংবাদিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাঁদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande