
কলকাতা, ২ জুন (হি স)। সোমবার বেশি রাতে ইডি-র লাগাতার জেরা থেকে নিষ্কৃতি পেলেও গোয়েন্দারা জানিয়ে দিলেন, ফের জেরার মুখোমুখি হতে হবে তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে।
সল্টলেকের সিজিও কমপ্লেক্সে চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদ। অবশেষে দীর্ঘ ১১ ঘণ্টা পর ইডি দফতর থেকে বার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী।
দিনভর টানটান জেরার পর্ব চুকে যাওয়ার পর যখন তিনি বাইরে আসেন, তখন ঘড়ির কাঁটায় সোমবার রাত সাড়ে ১০টা।
জেরা শেষে বাইরে বেরিয়ে অবশ্য সংবাদমাধ্যমের সামনে খুব বেশি মুখ খুলতে চাননি এই প্রবীণ তৃণমূল নেতা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রথীন ঘোষ কেবল বলেন, “ওরা আইটি সংক্রান্ত কিছু নথিপত্র চেয়েছিল। সেই সমস্ত কাগজপত্র আমি ওদের কাছে জমা দিয়েছি। পরে ওঁরা আবার ডাকবেন বলে জানিয়েছেন।”
রাজ্যের বহুল চর্চিত পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এর আগেও একাধিকবার রথীন ঘোষকে তলব করেছিল ইডি। সাম্প্রতিককালেও জেরার মুখোমুখি হওয়ার জন্য তৃণমূলের এই হেভিওয়েট বিধায়ককে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। কিন্তু প্রতিবারই তীব্র শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন তিনি। এই মর্মে তাঁর আইনজীবীর তরফ থেকে চিঠি পাঠিয়ে ইডিকে অবগতও করা হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত