সচেতনতা ও স্বাস্থ্যশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শ্রীভূমি জেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন
শ্রীভূমি (অসম) ২ জুন (হি.স.) : তামাকমুক্ত জীবনযাপনকে উৎসাহিত করা এবং তামাকজনিত রোগ প্রতিরোধের লক্ষ্যে শ্রীভূমি জেলায় বিভিন্ন সচেতনতামূলক ও সংবেদনশীলতামূলক কর্মসূচির মাধ্যমে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ পালন করা হয়েছে। কর্মসূচিগুলি আসাম ক্যানসার কেয
সচেতনতা ও স্বাস্থ্যশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শ্রীভূমি জেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন


শ্রীভূমি (অসম) ২ জুন (হি.স.) : তামাকমুক্ত জীবনযাপনকে উৎসাহিত করা এবং তামাকজনিত রোগ প্রতিরোধের লক্ষ্যে শ্রীভূমি জেলায় বিভিন্ন সচেতনতামূলক ও সংবেদনশীলতামূলক কর্মসূচির মাধ্যমে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ পালন করা হয়েছে। কর্মসূচিগুলি আসাম ক্যানসার কেয়ার ফাউন্ডেশন (কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম) এবং জেলা তামাক নিয়ন্ত্রণ কোষ, শ্রীভূমির যৌথ উদ্যোগে আয়োজিত হয়।

আজ মঙ্গলবার সরকারি এক প্রেস বার্তায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে ৩০ মে এক বিশাল সচেতনতা র্যালির আয়োজন করা হয়, যেখানে আশা কর্মী, জিএনএম ও এএনএম শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগের আধিকারিক, শিক্ষক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে এবং তামাকবিরোধী স্লোগান প্রদানের মাধ্যমে তামাক সেবনের ক্ষতিকর প্রভাব ও সুস্থ জীবনধারার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করেন।

৩১ মে, বিশ্ব তামাকমুক্ত দিবসে, জেলার বিভিন্ন স্থানে একাধিক শিক্ষা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানকে তামাকমুক্ত পরিবেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাকারশাল উচ্চ বিদ্যালয়ে ইয়েলো লাইন মার্কিং কার্যক্রম পরিচালিত হয়, যাতে বিদ্যালয়ের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রি নিরুৎসাহিত করা যায়।

এছাড়াও গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল, শ্রীভূমি এবং পাথু মহিষাশন উচ্চ বিদ্যালয়, শ্রীভূমি-তে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীদের ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব, পরোক্ষ ধূমপানের ঝুঁকি এবং তামাকের সঙ্গে ক্যানসারের সম্পর্ক সম্পর্কে অবহিত করা হয়।

শিক্ষার্থীদের মধ্যে তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ইন্টারঅ্যাকটিভ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সফল অংশগ্রহণকারীদের পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়।

জনসাধারণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে বাজার ও অন্যান্য জনবহুল স্থানে মাইকিংয়ের মাধ্যমে তামাকের ক্ষতিকর প্রভাব, ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব এবং শিলচর ক্যান্সার সেন্টারে উপলব্ধ পরিষেবা সম্পর্কে প্রচার চালানো হয়।

দিবস পালনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল “সুস্থ ভবিষ্যতের জন্য তামাকমুক্ত জীবন” শীর্ষক এক প্রশিক্ষণ ও সংবেদনশীলতা বৃদ্ধি কর্মসূচি, যা শ্রীভূমি সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রীভূমির যুগ্ম স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা, শ্রীভূমি সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ও হাসপাতাল প্রশাসক, আসাম ক্যান্সানসা কেয়ার ফাউন্ডেশনের জোনাল কো-অর্ডিনেটর, ওএনজিসি সিএসআর দলের প্রতিনিধিবৃন্দ, জেলা তামাক নিয়ন্ত্রণ কোষের আধিকারিক, চিকিৎসক, প্যারামেডিক্যাল কর্মী এবং নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, তামাক ব্যবহার এখনও ক্যানসার সহ বহু অসংক্রামক রোগের অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য কারণ। তাঁরা ব্যাখ্যা করেন যে ধূমপান ও চিবিয়ে খাওয়া তামাক মানবদেহের কোষ ও ডিএনএ-র ক্ষতি করে, যার ফলে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায়। তামাকাসক্তির কারণে পরিবার ও সমাজের উপর সৃষ্ট অর্থনৈতিক বোঝার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

অংশগ্রহণকারীদের মুখগহ্বর, স্তন ও জরায়ুমুখের ক্যানসারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে অবহিত করা হয় এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি, নার্সিং শিক্ষার্থী, প্যারামেডিক্যাল কর্মী এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের তামাক ত্যাগে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সমগ্র কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা এবং সুস্থ জীবনধারা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এর মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি তামাকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের বার্তা পুনরায় তুলে ধরা হয়।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande