
হাফলং (অসম), ২ জুন (হি.স.) : হাফলং কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন যৌথভাবে শিলচরে অবস্থিত অসম বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যের উদ্দেশে ডিমা হাসাও জেলার জেলাশাসকের মাধ্যমে একটি স্মারকপত্র পাঠিয়েছে। স্মারকপত্রে সম্প্রতি প্রকাশিত চার ছর মেয়াদি স্নাতক কর্মসূচি এফওয়াইজিপি-র ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ছাত্র সংগঠনগুলি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত এফওয়াইজিপি-র বিজোড় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রায় ছয় মাস পর, ২০২৬ সালের ৩০ মে প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণার পর বহু শিক্ষার্থী নম্বর ও গ্রেড প্রদানে ব্যাপক অসংগতি, ফলাফল স্থগিত রাখা এবং মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন।
ছাত্র সংগঠনগুলোর দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশাসনিক ব্যর্থতা এবং পর্যাপ্ত স্বচ্ছতার অভাবের ফলে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে বহু শিক্ষার্থী পৃথকভাবে আবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিলেও বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া অত্যন্ত ধীর এবং অসন্তোষজনক বলে অভিযোগ করা হয়েছে।
স্মারকপত্রে আরও বলা হয়েছে, অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অনুপকুমার দে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে যে বার্তা প্রদান করেছেন, তা যথেষ্ট নয়। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীকে প্রভাবিত করা গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক মাধ্যমে স্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা উচিত বলেও ছাত্র সংগঠনগুলো মত প্রকাশ করেছে।
সমগ্র ঘটনাকে “শিক্ষাগত সংকট” হিসেবে আখ্যায়িত করে ছাত্র সংগঠনগুলো ফলাফলের স্বচ্ছ পুনর্মূল্যায়ন, ত্রুটি সংশোধন, অভিযোগ নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমা ঘোষণা এবং পুরো প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার্থীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ফলাফলকে কেন্দ্র করে সমগ্র অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে। বহু শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন, উচ্চশিক্ষার সুযোগ এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা সুরক্ষিত করতে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব