
কলকাতা, ২ জুন (হি.স.): কলকাতা প্রেস ক্লাবে আজ মঙ্গলবার ‘পাঠক মঞ্চ’-এর উদ্যোগে সংস্থার চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত হলো। এদিনের অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় ছিল— রোল অফ উইমেন ইন চেঞ্জ অফ পাওয়ার (ক্ষমতার পরিবর্তনে নারীর ভূমিকা)। এই বিশেষ আলোচনা সভায় বর্তমান সমাজব্যবস্থায় সংবাদমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকদের দায়বদ্ধতা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর বিস্তারিত আলোকপাত করা হয়।এদিনের অনুষ্ঠানে শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, বিচারপতি থেকে শুরু করে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর সহ বর্তমান কর্মসমিতির সদস্যরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল সংগঠক, প্রবীণ সাংবাদিক সীতারাম আগরওয়াল এই প্রসঙ্গে জানান, ক্ষমতার অলিন্দে যে পালাবদল বা পরিবর্তন ঘটে, সেখানে নারীর ক্ষমতায়ন ও ভূমিকা কতটা প্রভাবশালী— সেই বিষয়ে মঞ্চে উপস্থিত বিশিষ্ট বুদ্ধিজীবিরা পক্ষে ও বিপক্ষে তাঁদের সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। বক্তাদের আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত