
গাজিয়াবাদ, ২ জুন (হি.স.): উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি বহুতল আবাসন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার কাকভোরে, আনুমানিক রাত তিনটে নাগাদ আচমকাই ওই বহুতলটিতে আগুন লেগে যায় বলে জানা গেছে।
আচমকা আগুন লাগার ঘটনায় হুড়োহুড়ি ও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনজুড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী।
পুলিশি তৎপরতায় 'আভান্তিকা' নামের ওই আবাসনের সমস্ত বাসিন্দাদের সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের জেরে সৃষ্ট ভারী ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বহুতলের তিনটি পোষ্য কুকুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে এবং কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।
হিন্দুস্থান সমাচার / সোনালি