
হায়দরাবাদ, ২৮ জুন (হি.স.) : অন্ধ্রপ্রদেশের তিরুমালায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানি। রবিবার মন্দিরের প্রাচীন ধর্মীয় প্রথা মেনে তিনি মুণ্ডন করে ভগবান ভেঙ্কটেশ্বরের চরণে নিজের চুল উৎসর্গ করেন।
মন্দিরে পৌঁছে প্রথমে কেশদান বা মুণ্ডনের আচার সম্পন্ন করেন অনন্ত। এরপর বৈদিক রীতি মেনে বিশেষ পুজো ও আরাধনায় অংশ নেন। দেশবাসীর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেই তিনি প্রার্থনা করেছেন বলে মন্দির সূত্রে জানা গিয়েছে।
ভেঙ্কটেশ্বর স্বামীর প্রতি আম্বানি পরিবারের গভীর ভক্তির কথা সুপরিচিত। পরিবারের সদস্যরা নিয়মিত তিরুমালা মন্দিরে গিয়ে পুজো দেন। গত বছর অনন্ত আম্বানির বিয়ের আগে এবং বিয়ের পরও আম্বানি পরিবারের সদস্যরা তিরুমালায় গিয়ে ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নিয়েছিলেন।
তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির দেশের অন্যতম প্রধান তীর্থস্থান। প্রতিদিন লক্ষাধিক ভক্ত এখানে দর্শনের জন্য আসেন। কেশদান বা চুল উৎসর্গ এই মন্দিরের অন্যতম প্রাচীন ধর্মীয় প্রথা, যা ভক্তরা ভগবানের প্রতি আত্মসমর্পণ ও অটুট বিশ্বাসের প্রতীক হিসেবে পালন করে থাকেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য