
মুম্বই, ২৮ জুন (হি.স.) : মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে রবিবার সকালে একটি গাড়ির সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রপুর শহরের বাবুপেঠ এলাকার বাসিন্দা জীবনে পরিবার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গাড়িতে করে আকোলার উদ্দেশে রওনা হয়েছিল। ধামনগাঁও তহসিল এলাকায় সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের ১০৬ নম্বর চ্যানেলের কাছে পৌঁছতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা পাঁচজনের মৃত্যু হয়।
মৃতদের নাম আরতি জীবনে (৪০), ভাস্কর জীবনে (৫৭), মহাদেব জীবনে (৪২), লতা জীবনে (৪৩) এবং ত্রিশা জীবনে (১২)। তাঁরা সকলেই চন্দ্রপুরের বাবুপেঠ এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে থাকা দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য