
নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.) : ১ জুলাই থেকে চালু হতে চলা ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ‘ভিবি-জি রামজি’ প্রকল্পকে ঘিরে নতুন করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। দলের দাবি, নতুন প্রকল্প নিয়ে একাধিক রাজ্য গুরুতর আপত্তি জানিয়েছে। কংগ্রেসের অভিযোগ, মধ্যপ্রদেশ, বিহার ও উত্তরাখণ্ডের মতো বিজেপি-শাসিত রাজ্যও প্রকল্পের ফলে রাজ্যগুলির উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপবে বলে উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি অন্তত পাঁচটি রাজ্য গ্রামীণ শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে।
রবিবার সামাজিক মাধ্যম 'এক্স'-এ কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ দাবি করেন, কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়নমন্ত্রীর নিজ রাজ্য থেকেও এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাঁর অভিযোগ, সংসদের গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটি, রাজ্য সরকার কিংবা অন্যান্য অংশীদারদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করেই কেন্দ্র মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (মনরেগা) বাতিল করে নতুন আইন সংসদে পাশ করিয়েছে।
জয়রাম রমেশের দাবি, নতুন ব্যবস্থায় প্রকল্প পরিচালনা ও অর্থায়নে রাজ্যগুলির আর্থিক অংশীদারিত্ব বাড়বে, ফলে তাদের বাজেটের উপর অতিরিক্ত চাপ তৈরি হবে বলে বহু রাজ্য আশঙ্কা প্রকাশ করেছে। এছাড়া চারটি রাজ্য কৃষির ব্যস্ত মরশুমে প্রস্তাবিত 'ব্ল্যাকআউট পিরিয়ড'-এরও বিরোধিতা করেছে। ওই সময়ে কাজ না থাকলে গ্রামীণ শ্রমিক ও কৃষক উভয়েই সমস্যার মুখে পড়বেন বলে তাদের মত।
তিনি আরও বলেন, অন্তত পাঁচটি রাজ্য গ্রামীণ শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি তুলেছে, যাতে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের আয়ের নিশ্চয়তা দেওয়া যায়।
কংগ্রেসের অভিযোগ, ১ জুলাই থেকে মনরেগার পরিবর্তে চালু হতে চলা ভিবি-জি রামজি প্রকল্প নিয়ে রাজ্যগুলির মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে। মনরেগা যেখানে গ্রামীণ পরিবারগুলিকে কর্মসংস্থানের আইনি গ্যারান্টি দিত, সেখানে নতুন প্রকল্পে রাজ্যগুলির আর্থিক দায় বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও কেন্দ্রীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
জয়রাম রমেশের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কেন্দ্র মনরেগা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর দাবি, গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকার সঙ্গে যুক্ত এত বড় নীতিগত পরিবর্তনের আগে সংসদীয় পর্যালোচনা, বিস্তৃত আলোচনা এবং রাজ্যগুলির সঙ্গে ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য