
নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): ভারতীয় সংস্কৃতি এখন বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে, রবিবার মন কি বাত অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতি এখন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে। বিশ্বজুড়ে মানুষ আমাদের গান, সঙ্গীত ও আধ্যাত্মিকতাকে আবিষ্কার করছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, ক্যারিবিয়ান সাগরের বুকে অবস্থিত ডোমিনিকান রিপাবলিক নামের একটি দেশ। সেখানে ভারতীয় জনগোষ্ঠীর সংখ্যা মাত্র ১০০ জনের মতো—হয়তো তারও কম। তা সত্ত্বেও, সেখানে ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতা কেন্দ্রিক এক চমৎকার উদ্যোগ চলছে। স্প্যানিশ-ভাষী স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে; এই দলটির নাম দেওয়া হয়েছে ‘ব্রহ্মকমল ডোমিনিকানা’।
প্রধানমন্ত্রী আরও বলেন, সদস্যরা একত্রে বৈদিক সাহিত্য অধ্যয়ন করছেন এবং বৈদিক মন্ত্র উচ্চারণ বা আবৃত্তি করা শিখছেন। এ বিষয়ে তাঁরা কোনও আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেননি; তবে অডিও রেকর্ডিং শুনে তাঁরা সঠিক উচ্চারণ আয়ত্ত করেছেন। বর্তমানে তাঁরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরুষ-সূক্ত, শ্রী-সূক্ত, শ্রী-রুদ্রম, দুর্গা-সূক্ত ও দেবী-মাহাত্ম্যমের মতো বিভিন্ন মন্ত্র পাঠ করেন। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের ঐতিহ্যকে জানার ও শেখার ক্ষেত্রে তাঁদের এই প্রচেষ্টা সত্যিই অনুপ্রেরণাদায়ক। 'ব্রহ্মকমল ডোমিনিকানা'-র সকল সদস্যকে তাঁদের এই উদ্যোগের জন্য আমি আমার শুভেচ্ছা জানাই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ