ভোটার তালিকায় বৈধ নাগরিকদের নাম অন্তর্ভুক্তির দাবিতে আরামবাগে বামেদের ডেপুটেশন
হুগলি , ৩ জুন (হি.স.) : ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ নাগরিকদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে বুধবার আরামবাগ মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন জমা দিল ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)। এদিন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ
মহকুমা শাসকের কাছে বামেদের ডেপুটেশন আরামবাগে


হুগলি , ৩ জুন (হি.স.) : ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ নাগরিকদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে বুধবার আরামবাগ মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন জমা দিল ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)। এদিন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায় এবং সেখানে স্মারকলিপি প্রদান করা হয়।

বাম নেতৃত্বের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার জেরে বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাঁদের দাবি, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে অবিলম্বে সমস্ত বৈধ ভোটারের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তি মোহন মালিক-সহ জেলার বাম নেতৃত্ব। সভায় বক্তারা বলেন, ভোটাধিকার দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কোনও বৈধ নাগরিক যাতে এই অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

বাম নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থেই এই দাবি জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত বিষয়টি বিবেচনার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।

দলীয় সূত্রে খবর, মহকুমা প্রশাসন স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে আরামবাগের রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande