

গুয়াহাটি, ৩ জুন (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে একটি ‘রেল-বোর্ন মেইনটেন্যান্স ভেহিকল’ (আরবিএমভি) অন্তর্ভুক্ত করে পরিকাঠামো রক্ষণাবেক্ষণ সক্ষমতাকে আরও উন্নত করেছে। এই যানকে রেললাইন ও ইঞ্জিনিয়ারিং-এর সাথে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজগুলি অধিক দক্ষতা, নিখুঁততা এবং সুরক্ষার সাথে সম্পন্ন করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। যানটি কঠিন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রেলওয়ে সেকশনে রক্ষণাবেক্ষণ কাজে সহায়তা প্রদানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে মিজোরামের অত্যন্ত চ্যালেঞ্জিং ‘ভৈরবী-সাইরাং’ রেলওয়ে প্রকল্পে।
আজ বুধবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, এই উন্নত রক্ষণাবেক্ষণ যানটি আধুনিক বৈশিষ্ট্যে সুসজ্জিত, যা প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অবস্থিত কর্মস্থলে কর্মী, সরঞ্জাম এবং রক্ষণাবেক্ষণ সামগ্রী সরাসরিভাবে পরিবহণে সক্ষম। এতে বিশেষ লিফটিং ও হ্যান্ডলিং ব্যবস্থা সংযোজিত করা হয়েছে, যাতে রেলওয়ে কর্মীরা ট্র্যাক-সংক্রান্ত কাজ, যন্ত্রাংশ প্রতিস্থাপন এবং জরুরিকালীন মেরামতের কাজ সুরক্ষিতভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন। এই যান মোতায়েনের ফলে রক্ষণাবেক্ষণের প্রচলিত পদ্ধতির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং সামগ্রিকভাবে কাজের দক্ষতা উন্নত হবে।
ভৈরবী-সাইরাং সেকশন, যা পাহাড়ি ভূখণ্ডের মধ্য দিয়ে অতিক্রম করেছে এবং যেখানে অনন্য ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ বিদ্যমান, সেখানে সুরক্ষিত ও নির্ভরযোগ্য রেল চলাচল নিশ্চিত করার লক্ষ্যে বলিষ্ঠ রক্ষণাবেক্ষণ সহায়তার প্রয়োজন। এই রক্ষণাবেক্ষণ যান সংযোজনের ফলে পরিদর্শন এবং পরিকাঠামো রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে কাজটি সহজতর করে তুলবে। যানটি প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ সম্পাদনেও সহায়ক হবে। যার ফলে বিঘ্ন কম করতে এবং সম্পদের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করতে সহায়ক হবে বলে দাবি করা হয়েছে প্রেস বার্তায়।
প্রেস বার্তায় আরও বলা হয়েছে, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জন্য সুরক্ষা প্রথম অগ্রাধিকার। এই আধুনিক রক্ষণাবেক্ষণ যান মোতায়েনে সুরক্ষা মানদণ্ড আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। কারণ এটি রেলওয়ে কর্মচারীদের প্রতিকূল ফিল্ড কন্ডিশনে রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদনের জন্য একটি সুনির্দিষ্ট ও দক্ষ মাধ্যম প্রদান করবে। রক্ষণাবেক্ষণের কাজে যন্ত্রপাতির এই উন্নত প্রয়োগ ভারী যন্ত্রপাতি ও উপকরণগুলির ম্যানুয়াল হ্যান্ডলিংও হ্রাস করবে, যার ফলে কর্মক্ষেত্রের সুরক্ষা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস