
কলকাতা, ৩ জুন (হি. স.): পূর্ব নির্ধারিত কর্মসূচি ও ঘোষণা অনুসারে রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো। রাজ্য সরকারের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার প্রথম দফায় মোট ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন যাচাইকৃত (ভেরিফায়েড) নথিভুক্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। সমস্ত রকম সরকারি বিধি মেনেই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হয়েছে।প্রকল্পের সূচনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম প্রতিক্রিয়া— “জাগ্রত নারী শক্তিকে প্রণাম।” এই সঙ্কল্প পূরণের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী জানান, বিধানসভা নির্বাচনের সঙ্কল্প পত্রে দেওয়া প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে মূল গ্যারান্টার ছিলেন প্রধানমন্ত্রী নিজেই। আইসিডিএস কর্মী থেকে শুরু করে রাজ্যের ২৩টি জেলার সমস্ত ব্লকের মহিলারাই এই প্রকল্পের মূল চালিকাশক্তি এবং এই কার্যক্রম সফল করতে তাঁদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। বিভাগীয় মন্ত্রী অগ্নিমিত্রা পল অর্থ প্রদানের খবর নিশ্চিত করে জানিয়েছেন, এই নতুন প্রকল্পের আওতায় এদিন প্রথম দফায় অর্থ বরাদ্দ করা হয়েছে এবং তা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে।উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে উপভোক্তাদের নতুন করে ফর্ম পূরণ করার প্রয়োজন পড়েছে। কারণ, এসআইআর বা বিশেষ সমীক্ষার রিপোর্টে দেখা গেছে, এর আগে তৃণমূল কংগ্রেসের শাসনকালে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ সহ বহু সরকারি প্রকল্পের আওতায় নাম না থাকা অনেক পুরুষও সুবিধা পাচ্ছিলেন। অ-ভারতীয়রা সরকারি অর্থ পাক— এটা কখনোই কাম্য নয়। সেই কারণেই যাচাইকরণের মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করে এই অর্থ পাঠানো শুরু হলো।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত