
কলকাতা, ৩ জুন (হি. স.): আর মাত্র ১৮ দিন বাকি। আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতিতে তৎপর কলকাতা। সেই লক্ষ্যে বুধবার রাজ্য সচিবালয় নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হলো। আগামী ২১ জুন কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের আন্তর্জাতিক যোগ দিবসের বড় অনুষ্ঠান। সেই বৃহৎ আয়োজনকে সামনে রেখেই প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে। সেই আবহে বুধবার নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নাতিদীর্ঘ বৈঠক করেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা।সরকারি সূত্রের খবর, ওই বৈঠকে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে কৌশলগত রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর পাশাপাশি, এই বৈশ্বিক উদযাপনকে আরও প্রভাববিস্তারী, অন্তর্ভুক্তিমূলক এবং স্মরণীয় করে তোলার জন্য কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগের উপরও জোর দেওয়া হয়। যোগচর্চার প্রসার এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।এদিন বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীর হাতে একটি স্মারক পুস্তিকা তুলে দেন আয়ুষ সচিব। আন্তর্জাতিক যোগ দিবসের ১১ বছর শিকড় থেকে বিশ্বব্যাপী বিস্তার শীর্ষক ওই প্রকাশনায় যোগ ও আয়ুষ ব্যবস্থার বিশ্বব্যাপী প্রসার এবং স্বাস্থ্য ও সুস্থতাকে কেন্দ্র করে ভারতের অগ্রগতির নানা দিক তুলে ধরা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত