ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন ৯ জন সদস্য
শিলিগুড়ি, ৩ জুন (হি.স.): বুধবার ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন ৯ জন সদস্য। শিলিগুড়ির মহকুমা শাসকের (এসডিও) দফতরে এই অনাস্থা পত্র জমা পড়ার পরেই স্থানীয় রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। ২১ আসন বি
ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন ৯ জন সদস্য


শিলিগুড়ি, ৩ জুন (হি.স.): বুধবার ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন ৯ জন সদস্য। শিলিগুড়ির মহকুমা শাসকের (এসডিও) দফতরে এই অনাস্থা পত্র জমা পড়ার পরেই স্থানীয় রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। ২১ আসন বিশিষ্ট ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতিতে বর্তমানে তৃণমূল কংগ্রেসের ১৮ জন, বিজেপির ২ জন এবং ১ জন নির্দল (যিনি পরে তৃণমূলে যোগ দেন) সদস্য রয়েছেন। এই সমীকরণের মধ্যে ৯ জন সদস্যের একসঙ্গে অনাস্থা আনা শাসক শিবিরের অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রণবেশ মণ্ডল এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে দাবি করেন, কিছু সদস্যের আচরণের কারণে এলাকার উন্নয়নমূলক কাজে বাধা আসছিল। সেই কারণেই বাধ্য হয়ে অন্য সদস্যদের সঙ্গে নিয়ে তাঁরা সভানেত্রীর বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি দলবদল করে অন্য কোনো রাজনৈতিক শিবিরে যোগ দেবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

অন্যদিকে, পঞ্চায়েত সমিতির সভানেত্রী রীনা এক্কা জানান, এই অনাস্থা প্রস্তাবের বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর দাবি, তিনি সর্বদা সমস্ত সদস্যকে সঙ্গে নিয়েই পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে গেছেন। পাশাপাশি, তৃণমূলের সাংগঠনিক নেতৃত্বও এই বিষয়ে অন্ধকারে রয়েছে বলে জানা গেছে।

শিলিগুড়ির মহকুমা শাসক বিকাশ রুহেলা অনাস্থা প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন। এখন এই বিষয়ে পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande