
কলকাতা, ৪ জুন(হি.স.): ‘দা গ্রেটেস্ট শো অন আর্থ’, বিশ্বকাপ ফুটবল। আর কয়েকদিন বাদেই মাঠে গড়াবে। উত্তেজনায় ভরপুর বিশ্ব ফুটবলপ্রেমীরা। শুরুর আগে একবার দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
**রয়েছে ইংল্যান্ডের ২০০ ক্লাব ফুটবলার:
এবার বিশ্বকাপে খেলবে ইংল্যান্ডের ২০০ ক্লাব ফুটবলার।
দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জন খেলবে জার্মানির ক্লাবগুলোর, আর ৮৬ জন করে রয়েছে ফ্রান্স ও স্পেনের ক্লাব ফুটবলাররা।
**সবচেয়ে বেশি বয়সী ফুটবলার:
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হতে যাচ্ছেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডান। তার বয়স ৪৩।
**দুটি দেশের ২৫ জন করে ফুটবলার খেলবেন:
এবার বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮ দেশের মধ্যে দুটি দেশের সর্বোচ্চ ২৫ জন করে খেলোয়াড় নিজের দেশের ক্লাবে খেলবেন। দল দুটি হল কাতার ও সৌদি আরব।
**এবারের বিশ্বকাপে বিশ্বকাপ জয়ী ফুটবলার আছেন মোট ২২ জন:
২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মানুয়েল নয়ার এবারও আছেন দলে এবং ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দল থেকে আছেন উসমান দেম্বেলে, লুকাঁ এরনঁদেজ, এনগোলো কঁতে ও কিলিয়ান এমবাপে।
আর কাতারে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনির সেই দল থেকে এবার ১৭ জনকে স্কোয়াডে রেখেছেন। তারা হলেন- থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেস, রদ্রিগো দে পল, এন্সো ফের্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তের, এমিলিয়ানো মার্তিনেস, লাউতারো মার্তিনেস, লিসান্দ্রো মার্তিনেস, লিওনেল মেসি, নাহুয়েল মোলিনা, গন্সালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, এসেকিয়েল পালাসিওস, লেয়ান্দ্রো পারেদেস, ক্রিস্তিয়ান রোমেরো, জেরোনিমো রুলি ও নিকোলাস তাগলিয়াফিকো।
**ক্লাবের ক্ষেত্রে সবচেয়ে বেশি খেলোয়াড় এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি থেকে:
ইংলিশ এই ক্লাবটির ফুটবলার উত্তর আমেরিকা আসরে আছে আলজেরিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মিশর, ইংল্যান্ড, ফ্রান্স, ঘানা, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও উজবেকিস্তান দলে। রয়েছে মোট ১৯ জন ফুটবলার।
**এবারের বিশ্বকাপে সবচেয়ে কমবয়সী খেলোয়াড়:
এবারের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী খেলোয়ার হতে যাচ্ছেন মেক্সিকোর ১৭ বছর বয়সী সেনসেশন গিলবের্তো মোরা। তার জাতীয় দল সতীর্থ গিয়ের্মো ওচোয়া যখন প্রথম বিশ্বকাপ (২০০৬) দলে ডাক পান, তখন মোরার জন্মই হয়নি!
ক্লাব ফুটবলে তিনি মেক্সিকোর শীর্ষ লিগের ক্লাব তিজুয়ানা-র হয়ে খেলেন।
**২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার:
২০২৬ আসরের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকাপ গোল লিওনেল মেসির, ১৩টি। তালিকায় তার পরে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে (১২), ইংল্যান্ডের হ্যারি কেইন (৮), ব্রাজিলের নেইমার (৮), পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনাল্ডো (৮)।
ফুটবলের সর্বোচ্চ এই মঞ্চে সর্বাধিক গোলের রেকর্ড জার্মানির মিরোস্লাভ ক্লোসার, ১৬টি।
**সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলছেন:
লিওনেল মেসি, গিয়ের্মো ওচোয়া ও ক্রিস্তিয়ানো রোনাল্ডো ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে চলেছেন।
**এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি লম্বা খেলোয়াড়:
সবচেয়ে লম্বা খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলতে চলেছেন অস্ট্রিয়ার গোলরক্ষক ফ্লোহিয়ান ভাইগেল, তিনি ২.০৫ মিটার লম্বা। কাতার বিশ্বকাপে রেকর্ডটি গড়েন ২.০৩ মিটার লম্বা নেদারল্যান্ডসের গোলরক্ষক আন্ড্রিস নোপার্ট।
**এবারের বিশ্বকাপে সবচেয়ে খাটো খেলোয়াড়:
এবার বিশ্বকাপে সবচেয়ে খাটো খেলোয়াড় হলেন পানামার গোলরক্ষক সেসার ইয়ানিস, ১.৬০ মিটার লম্বা। তার পরেই আছেন ১.৬৪ মিটার লম্বা কুরাসাওয়ের আক্রমভাগের খেলোয়াড় ইয়েরেমি আন্তোনিস।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি