
কলকাতা, ৪ জুন(হি.স.): ফুটবল বিশ্বে জনপ্রিয়তায় লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ফুটবল বিশ্বে অনেকটাই এগিয়ে থাকলেও, দলের সব খেলোয়াড়দের মোট মূল্যের বিচারে অনেকটা পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও ইউরোপের দল পর্তুগাল।
এবারের ফিফা বিশ্বকাপের আগে দলের বাজারমূল্যের দিক থেকে বিশ্বের ৪৭টি দেশকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে ইউরোপের কিলিয়ান এমবাপের ফ্রান্স। দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপেরই কেইনের ইংল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের লামিনে ইয়ামালের স্পেন। দেখা যাচ্ছে প্রথম তিনটি স্থানেই আছে ইউরোপের দল।
ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমের সূত্রের খবর, এবারের বিশ্বকাপে ফ্রান্স দলের মোট বাজারমূল্য রেকর্ড ১৩২ কোটি পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২১,৭৮০ কোটি টাকা। এই দলের সবচেয়ে দামি ফুটবলার অধিনায়ক কিলিয়ান এমবাপে। তাঁর একারই বাজারমূল্য প্রায় ২,৮৫৫ কোটি টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা হ্যারি কেইনদের ইংল্যান্ড দলের মোট বাজার মূল্য ১১৩ কোটি পাউন্ড বা প্রায় ১৮,৬৪৫ কোটি টাকা। ইংলিশ স্কোয়াডের সবচেয়ে দামি ফুটবলার জুড বেলিংহ্যাম, যার বাজারমূল্য প্রায় ২,০১৩ কোটি টাকা।
বিশ্বকাপে শীর্ষ ১০টি দামি দল:
**ফ্রান্স: ২১,৭৮০ কোটি টাকা
**ইংল্যান্ড: ১৮,৬৪৫ কোটি টাকা
**স্পেন: ১৫,৬৪০ কোটি টাকা
**পর্তুগাল: ১২,৬২২ কোটি টাকা
**জার্মানি: ১২,৩৭৫ কোটি টাকা
**ব্রাজিল: ১১,৩১৮ কোটি টাকা
**নেদারল্যান্ডস: ১০,৩৯৫ কোটি টাকা
**আর্জেন্টিনা: ১০,১৫৭ কোটি টাকা
**নরওয়ে: ৭,৪৫৮ কোটি টাকা
**বেলজিয়াম: ৬,৭৩২ কোটি টাকা।
বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ আমেরিকা প্রায় ৪,৭১০ কোটি টাকার দল নিয়ে তালিকায় অনেক পিছিয়ে, তারা আছে ১৮ নম্বরে। অন্য দুই সহ-আয়োজক কানাডা রয়েছে ২৬ নম্বরে, মূল্য প্রায় ২,৫৩০ কোটি টাকা ও মেক্সিকো রয়েছে ২৭ নম্বরে, তাদের মূল্য প্রায় ২,৪২৫ কোটি টাকা।
এই তালিকায় এশিয়ার ফুটবল শক্তিগুলোর মধ্যে সবচেয়ে দামি দল হল জাপান। তাদের মূল্য ৩,৪৭৫ কোটি টাকা। তারা রয়েছে ২২ নম্বরে। এশিয়ার আর এক শক্তিধর দেশ দক্ষিণ কোরিয়া মূল্য ১,৭৭৫ কোটি টাকা। তারা রয়েছে ৩৩ নম্বরে।
আর এবারের বিশ্বকাপে সবচেয়ে কম দামি দল হল জর্ডান, যাদের দলের মোট মূল্য মাত্র ২৪৩ কোটি টাকা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি