
জম্মু, ১৮ জুলাই (হি. স.): কড়া নিরাপত্তার মধ্যেই জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে শনিবার আরও ৩,৬৩২ জন অমরনাথ তীর্থযাত্রীকে দক্ষিণ কাশ্মীরের পবিত্র গুহামন্দিরের উদ্দেশে রওনা করানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৪৮টি গাড়ির কনভয়ে এই তীর্থযাত্রীরা যাত্রা শুরু করেন।
এর মধ্যে ১,০০৮ জন বালতাল রুটে এবং ২,৬২৪ জন পাহেলগাম রুটে গিয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
চলতি বছরের অমরনাথ যাত্রায় ইতিমধ্যেই নতুন নজির গড়েছে। যাত্রা শুরুর মাত্র ১৫ দিনের মধ্যেই ৩.৫ লক্ষেরও বেশি ভক্ত পবিত্র গুহামন্দিরে দর্শন করেছেন।
উল্লেখ্য, ২০২৬ সালের অমরনাথ যাত্রা শুরু হয়েছে ৩ জুলাই এবং চলবে ২৮ আগস্ট পর্যন্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত পবিত্র গুহামন্দিরে পৌঁছানোর জন্য দুটি প্রধান পথ রয়েছে—প্রথাগত ৪৮ কিলোমিটার দীর্ঘ পাহেলগাম রুট এবং অপেক্ষাকৃত ছোট ১৪ কিলোমিটার দীর্ঘ বালতাল রুট।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন