
রাজৌরি, ১৯ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে অতিভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে| একজন মহিলা নিখোঁজ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে| স্থানীয়রা মনে করছেন, জলের স্রোতে ভেসে গেছেন তিনি| এছাড়াও, বেশ কয়েকটি বাড়ি, গাড়ি ও দোকানও ভেসে গেছে প্রবল জলের স্রোতে। শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে| আবাসিক এলাকায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়| প্রশাসন উদ্ধার অভিযান শুরু করেছে। জানা গেছে, রবিবার জল কিছুটা নামতেই কাদামাটিতে ভরে গেছে এলাকা| সেগুলো পরিষ্কার করার কাজ শুরু হয়েছে|
রবিবার রাজৌরির এক স্থানীয় বাসিন্দা বলেন, শনিবার রাত থেকে শুরু হয় প্রবল বৃষ্টি| রাত দেড়টা নাগাদ বাড়ির বাইরে গিয়ে দেখি প্রবল জলের স্রোত। কাছাকাছি কিছু তাঁবু ছিল, সেখান থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাই| তাদের জিনিসপত্রও একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ