সর্বদলীয় বৈঠকে সংসদ সচল রাখতে বিরোধীদের সহযোগিতা চাইল কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশন শুরুর আগে রবিবার সর্বদলীয় বৈঠক ডাকে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধী দলগুলির কাছে সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে সহযোগিতার আবেদন জানানো হয়। প
সর্বদলীয় বৈঠকে সংসদ সচল রাখতে বিরোধীদের সহযোগিতা চাইল কেন্দ্র


নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশন শুরুর আগে রবিবার সর্বদলীয় বৈঠক ডাকে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধী দলগুলির কাছে সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে সহযোগিতার আবেদন জানানো হয়। পাশাপাশি পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি-সহ গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে সংসদে গঠনমূলক আলোচনার ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে কিছু বিরোধী দল দলত্যাগী সাংসদদের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো নিয়ে আপত্তি তোলে। এর প্রতিবাদে কয়েকটি বিরোধী দল প্রতীকী ওয়াকআউট করলেও পরে তারা ফের বৈঠকে যোগ দেয়।

বৈঠক শেষে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি আশা করি সব বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা নেবে এবং সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে চলতে দেবে। তিনি আরও বলেন, প্রতীকী ওয়াকআউটকে সারাদিনের বয়কট হিসেবে দেখা উচিত নয়।

রিজিজু জানান, বাদল অধিবেশনে সরকার একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করবে। সেই বিলগুলি নিয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সেগুলি পাস করাতে বিরোধীদের সহযোগিতা কামনা করেছেন তিনি। তাঁর কথায়, শুধু হট্টগোল করে আলোচনা এড়িয়ে গেলে বিরোধীদের কোনও রাজনৈতিক লাভ হবে না।

রাজনৈতিক দলগুলির প্রতিনিধিত্বের প্রসঙ্গে রিজিজু বলেন, আমরা রাজনৈতিক দলগুলির সংখ্যাগত শক্তির ভিত্তিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তবে কাউকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা যায় না।

তিনি আরও জানান, বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেছে। ছোট দলগুলিও আলোচনায় পর্যাপ্ত সময় চেয়েছে। সরকার আশ্বাস দিয়েছে, সংসদ সুষ্ঠুভাবে চললে সব দলকেই নিজেদের বক্তব্য রাখার পূর্ণ সুযোগ দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande