
- নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৭৪ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রী নেইফিউ-এর
কোহিমা, ১৯ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডের মন জেলা সদরে সংঘটিত ভয়াবহ ভূমিধসে শিশু, মহিলা সহ আটজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে চারটি দেহ।
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও নিহতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা এবং আহতদের জন্য ৭৪ হাজার টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন।
টানা ভারী বৃষ্টির জেরে আজ রবিবার বিকালের দিকে জেলা সদর মন শহরে ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনার পর পরিচালিত উদ্ধার অভিযানে এ খবর লেখা পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজদের খোঁজে জোরকদমে তল্লাশি চলছে।
মন জেলার ডেপুটি কমিশনার ওয়েনইয়ে কোনিয়াক জানিয়েছেন, ‘এখন পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত আটজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।’
ভূমিধসের জেরে কমপক্ষে ১৩টি আরসিসি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং ভেসে গেছে। ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভূমিধসের পর বিপুল পরিমাণে জল দুর্গত এলাকায় ঢুকে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধার অভিযানে স্বেচ্ছাসেবক, পুলিশ, সেনাবাহিনী এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-এর সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেছেন।
এদিকে, নাগাল্যান্ড সরকার এক বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। সরকার জানিয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় চলমান চরম আবহাওয়ার পরিস্থিতির ওপর তারা নিবিড় নজর রাখছে।
মন জেলার পাশাপাশি মোকোকচুং জেলার তুলি মহকুমা সহ আরও কয়েকটি এলাকায় প্রবল বর্ষণের ফলে ভূমিধস, আকস্মিক বন্যা, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে রাজ্য সরকার সংশ্লিষ্ট সমস্ত দফতরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢাল, নদীর তীর এবং ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে রাজ্য প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস