
নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দেশ সফরের প্রথম পর্যায়ে সোমবারে মলদোভা-র রাজধানী চিশিনাউ-এ গিয়ে পৌঁছেছেন। চিশিনাউ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মলদোভার বিদেশমন্ত্রী মিহাই পোপশোই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। উল্লেখ্য, এটিই কোনো ভারতীয় রাষ্ট্রপতির প্রথম মলদোভা সফর।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ রাষ্ট্রপতি মুর্মুর মলদোভায় পৌঁছানোর বিষয়ে বিস্তারিত জানান।
রাষ্ট্রপতির অফিসিয়াল 'এক্স' হ্যান্ডেল থেকে পোস্ট করে লেখা হয়, মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়া— এই তিন দেশ সফরের প্রথম ধাপে রাষ্ট্রপতি মুর্মু মলদোভার রাজধানী চিশিনাউ পৌঁছালে তাঁকে উষ্ণ স্বাগত জানান মলদোভার উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মিহাই পোপশোই।
রাষ্ট্রপতি মুর্মু সোমবার মলদোভার রাষ্ট্রপতি মায়া স্যান্ডুর সাথে প্রতিনিধিদল পর্যায়ের বৈঠক করবেন। এছাড়া তিনি মলদোভার সংসদ স্পিকার ইগোর গ্রোসু-র সাথে সাক্ষাৎ করবেন এবং মলদোভা-ভারত সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্যদের সাথেও মতবিনিময় করবেন। মলদোভায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের মানুষের সাথে দেখা করা এবং একটি বিজনেস ফোরামে ভাষণ দেওয়ার কর্মসূচিও রয়েছে তাঁর।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মুর্মু ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত মলদোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফরে রয়েছেন। সফরের দ্বিতীয় পর্বে ২১ জুলাই তিনি উত্তর মেসিডোনিয়ায় পৌঁছাবেন, যেখানে তিনি রাষ্ট্রপতি গোরডানা সিলজানোভস্কা-দাভকোভার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টিজান মিকোস্কির সাথেও দেখা করবেন, উত্তর মেসিডোনিয়া সংসদে ভাষণ দেবেন এবং ভারত-উত্তর মেসিডোনিয়া বিজনেস ফোরামে অংশ নেবেন।
সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি ২৩ জুলাই রোমানিয়া পৌঁছাবেন। সেখানে তিনি রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী এবং সেনেট সভাপতির সাথে সাক্ষাৎ করবেন। পাশাপাশি ভারত-রোমানিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্যদের সাথে আলোচনা করবেন, ভারত-রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সাথেও সাক্ষাৎ করবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি