
আগরতলা, ২০ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজিপি)-র অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উচ্চ আদালতের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সোমবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গোটা ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর এবং নজিরবিহীন। তাই সমস্ত দিক খতিয়ে দেখে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা জরুরি।
সুদীপ রায় বর্মণ বলেন, রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে থাকা একজন আধিকারিকের অফিস কক্ষ থেকে খাকি পোশাক পরিহিত অবস্থায় মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনা স্বাভাবিক নয়। এই ঘটনা স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে। কী পরিস্থিতিতে এমন মর্মান্তিক পরিণতি ঘটল, তার প্রকৃত কারণ উদঘাটন হওয়া উচিত। এজন্য তিনি উচ্চ আদালতের বিচারপতিদের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই এই মুহূর্তে ঘটনাকে কেন্দ্র করে কোনও রাজনৈতিক মন্তব্য করতে তিনি আগ্রহী নন। বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই সত্য সামনে আসুক, সেটাই তাঁর একমাত্র দাবি। তদন্তে সমস্ত তথ্য, প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে বলেও তিনি মত প্রকাশ করেন।
কংগ্রেস বিধায়ক এদিন ডিজিপি-র অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, পরিবারের এই অপূরণীয় ক্ষতি কোনওভাবেই পূরণ হওয়ার নয়। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার বার্তাও দেন তিনি।
উল্লেখ্য, ডিজিপি-র অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও এই ঘটনার উচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। ফলে বিরোধী শিবিরের একাধিক নেতা নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হওয়ায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ