রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেনের স্বাধীন তদন্ত চাইলেন খাড়গে-রাহুল
নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যৌথ চিঠি লিখে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেনের স্বাধীন ও নিরপেক
রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেনের স্বাধীন তদন্ত চাইলেন খাড়গে-রাহুল


নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যৌথ চিঠি লিখে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেনের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, ট্রাস্টে আর্থিক অনিয়মের ফলে লক্ষ লক্ষ ভক্তের আস্থা ক্ষুণ্ণ হয়েছে এবং এই বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা উদ্বেগজনক।

যৌথ চিঠিতে দুই নেতা বলেন, দেশের কোটি কোটি ভক্ত বিশ্বাস ও ভক্তিভাব নিয়ে ট্রাস্টে অনুদান দিয়েছেন। কিন্তু আর্থিক অনিয়মের অভিযোগে তাঁরা প্রতারিত বোধ করছেন। তাই অনুদানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সংসদে প্রধানমন্ত্রী শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠনের ঘোষণা করেছিলেন এবং ট্রাস্টের সদস্যদের নিয়োগও কেন্দ্রীয় সরকারই করেছে। কংগ্রেসের দাবি, ট্রাস্টের একাধিক সদস্য আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ ও সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদকও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এত গুরুতর অভিযোগের পরও প্রধানমন্ত্রীর নীরবতা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তাঁরা।

খাড়গে ও রাহুল দাবি করেছেন, ট্রাস্টের সমস্ত আর্থিক লেনদেন এবং নগদ অর্থ, সোনা, রুপো-সহ সব ধরনের প্রণামী সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে, যাতে ভক্তরা জানতে পারেন তাঁদের অনুদান কীভাবে ব্যবহার হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে পদ বা প্রভাব নির্বিশেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

রবিবার চিঠিটি সামাজিক মাধ্যম 'এক্স'-এ শেয়ার করে মল্লিকার্জুন খাড়গে বলেন, ট্রাস্টের আর্থিক বিষয়গুলির নিরপেক্ষ ও বিস্তৃত তদন্ত হওয়া উচিত। অন্যদিকে রাহুল গান্ধীও 'এক্স'-এ চিঠি প্রকাশ করে অভিযোগ করেন, কোটি কোটি ভক্তের দেওয়া প্রণামী নিয়ে ওঠা অভিযোগ এখন জনসমক্ষে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং এই বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা গ্রহণযোগ্য নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande