
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): দিল্লির যন্তর-মন্তরে অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে শনিবার সকালে দিল্লি পুলিশ সফদরজং হাসপাতালে ভর্তি করানোর ঘটনাকে মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ বলে অভিযোগ করল কংগ্রেস। দলের সাংসদ পবন খেরা এক্স-এ পোস্ট করে বলেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও নিজের মত প্রকাশের অধিকার দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আচরণ সেই অধিকারকেই আঘাত করছে।
পবন খেরা অভিযোগ করেন, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। নতুন পুলিশ কমিশনার নিয়োগের একদিনের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর দাবি, যদি এটাই নতুন কমিশনারের প্রথম বার্তা হয়, তবে তা সংবিধান নয়, ক্ষমতার প্রতি আনুগত্যেরই পরিচয় দেয়।
তিনি আরও বলেন, মহিলা কুস্তিগিরদের রাস্তায় টেনে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার—বারবারই সরকার দেখিয়েছে যে সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের কোনও শ্রদ্ধা নেই।
উল্লেখ্য, অনশনের ২১তম দিনে শনিবার সকালে দিল্লি পুলিশ যন্তর-মন্তর থেকে সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে নিয়ে যায়। পুলিশের দাবি, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং তাঁর ক্রমাবনতিশীল শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ করা হয়েছে। এ সময় 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র কর্মীরা প্রতিবাদে সামিল হন এবং পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
সোনম ওয়াংচুক নিট প্রশ্নফাঁস-কাণ্ডের তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ অনশনের ফলে তাঁর ওজন প্রায় ৯.৫ কেজি কমে গেছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট কেন্দ্র ও দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছিল, সোনম ওয়াংচুকের প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং প্রয়োজন হলে তাঁর চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য