সিবিএসই-র দশম শ্রেণির দ্বিতীয় পর্বের পরীক্ষার ফল প্রকাশ, সামগ্রিক পাশের হার ৯৬.৭৮ শতাংশ
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) শনিবার রাতে ২০২৬ সালের দশম শ্রেণির দ্বিতীয় পর্বের পরীক্ষার ফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা ডিজিলকার রেজাল্টস পোর্টাল (results.digilocker.gov.in) থেকে নিজেদের ফল দেখতে পারবে
সিবিএসই-র দশম শ্রেণির দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফল প্রকাশ, সামগ্রিক পাশের হার ৯৬.৭৮ শতাংশ


নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) শনিবার রাতে ২০২৬ সালের দশম শ্রেণির দ্বিতীয় পর্বের পরীক্ষার ফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা ডিজিলকার রেজাল্টস পোর্টাল (results.digilocker.gov.in) থেকে নিজেদের ফল দেখতে পারবেন।

জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-এর সুপারিশ অনুযায়ী, ২০২৬ সাল থেকে দশম শ্রেণিতে বছরে দুটি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছে সিবিএসই। মূল বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ। দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হয়েছিল ১৫ মে এবং শেষ হয় ২১ মে। দ্বিতীয় পর্বের পরীক্ষায় মূলত নম্বর উন্নত করতে ইচ্ছুক এবং কম্পার্টমেন্ট বিভাগের পরীক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষার মধ্যে যে ফল ভালো হয়েছে, সেটিকেই চূড়ান্ত ফল হিসেবে গণ্য করা হয়েছে।

সিবিএসই-র প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দ্বিতীয় পর্বের পরীক্ষায় ৬ লক্ষ ৬৪ হাজার ২৭ জন নথিভুক্ত হলেও ৬ লক্ষ ৬৩ হাজার ৭৭৭ জন পরীক্ষায় অংশ নেন। নম্বর উন্নত করার জন্য পরীক্ষা দিয়েছিলেন ৫ লক্ষ ১৩ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ৩ লক্ষ ৮ হাজার ৯৫ জন (৫৯.৯৫ শতাংশ) মূল পরীক্ষার তুলনায় ভালো ফল করেছেন। কম্পার্টমেন্ট বিভাগে ১ লক্ষ ৪৯ হাজার ৮২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮ হাজার ৫০৩ জন উত্তীর্ণ হয়েছেন। এই বিভাগে পাশের হার ৫২.৪০ শতাংশ, যা ২০২৫ সালের ৪৮.৬৮ শতাংশের তুলনায় বেশি। মূল ও দ্বিতীয় পর্বের পরীক্ষার ফল একত্রিত করার পর ২০২৬ সালে দশম শ্রেণির সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৯৬.৭৮ শতাংশ। উল্লেখ্য, মূল বোর্ড পরীক্ষায় পাশের হার ছিল ৯৩.৭০ শতাংশ।

পর্ষদের নিয়ম অনুযায়ী, উত্তীর্ণ হতে প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। ফলাফলে কোনও অসঙ্গতি থাকলে পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট স্কুল বা সিবিএসই-র সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande