
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): সংসদের আসন্ন বাদল (মনসুন) অধিবেশন সুচারুভাবে পরিচালনা এবং বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৯ জুলাই, রবিবার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রবিবার সকাল ১১টায় সংসদ ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে জাতীয় গুরুত্বসম্পন্ন একাধিক ইস্যু এবং অধিবেশনে পেশ হতে চলা বিলগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ দিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, এনডিএ -তে সম্প্রতি শামিল হওয়া ‘ন্যাশনলিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’-র পক্ষে তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা ২০ জন সাংসদ এই বৈঠকে যোগ দেবেন।
বৈঠকে সরকারের পক্ষ থেকে আগামী অধিবেশনে পেশ করা হতে পারে এমন প্রধান প্রধান বিল এবং আইনসভার এজেন্ডা সম্পর্কে দলগুলিকে অবহিত করা হবে। অন্যদিকে, বিরোধী দলগুলিও সংসদে যে সমস্ত জনস্বার্থবাহী ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চায়, তা এই বৈঠকে স্পষ্ট করবে।
এই সর্বদলীয় বৈঠকের মূল উদ্দেশ্য হলো— সদন বা কক্ষের কার্যধারা নির্বিঘ্নে বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত অচলাবস্থা এড়ানো এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলিতে গঠনমূলক আলোচনা নিশ্চিত করা। সরকারের আশা, সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতায় এবারের বাদল অধিবেশন ফলপ্রসূ ও ইতিবাচক হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি