নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণকাণ্ডের তথ্যদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাজ্য পুলিশের
কোহিমা, ১৮ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডের চুমৌকেদিমা জেলায় সংঘটিত প্রাণঘাতী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণকাণ্ডে জড়িতদের সন্ধান দিতে তথ্যদাতার জন্য ৫০ হাজার টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে রাজ্য পুলিশ। গত ১৩ জুলাই সংঘটিত বিস্ফোরণে
নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণকাণ্ড (ফাইল ফটো), ইনসেটে রাজ্য পুলিশের লগো


কোহিমা, ১৮ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডের চুমৌকেদিমা জেলায় সংঘটিত প্রাণঘাতী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণকাণ্ডে জড়িতদের সন্ধান দিতে তথ্যদাতার জন্য ৫০ হাজার টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে রাজ্য পুলিশ। গত ১৩ জুলাই সংঘটিত বিস্ফোরণে আসাম রাইফেলস-এর এক জওয়ান নিহত এবং চার নিরাপত্তাকর্মী সহ মোট পাঁচজন আহত হয়েছেন।

জনসাধারণের উদ্দেশে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে ডিমাপুরের পুলিশ কমিশনার আওতুলা টি ইমচেন জানান, এই ‘জঘন্য সন্ত্রাসী হামলা’র সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে ডিমাপুর পুলিশ কমিশনারেট জোরদার তদন্ত চালিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্তদের কিংবা তাদের সহযোগীদের পরিচয় বা গ্রেফতারে সহায়ক নির্ভরযোগ্য তথ্যের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া হামলার পরিকল্পনা, অর্থায়ন, আশ্রয়দান, যাতায়াতের ব্যবস্থা কিংবা অন্য কোনওভাবে যে বা যাৰা সহযোগিতা করেছে, তাদের সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।

তদন্তের স্বার্থে বিস্ফোরক, বিস্ফোরকের উপাদান, আগ্নেয়াস্ত্র, যোগাযোগের সরঞ্জাম, ব্যবহৃত যানবাহন অথবা মামলার সঙ্গে যুক্ত অন্য কোনও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারে সহায়ক তথ্যও আহ্বান করেছে পুলিশ। সন্দেহভাজনদের আত্মগোপন করে থাকার স্থান, নিরাপদ আশ্রয় কিংবা তাদের সহযোগী নেটওয়ার্ক সম্পর্কেও তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আবেদন জানানো হয়েছে।

এ সংক্রান্ত যে কোনও তথ্য জানাতে নাগরিকদের ৭০৮৫০৫৫০০৩ এবং ৭০৮৫০৫৫০১১ নম্বরে (হোয়াটসঅ্যাপ সহ) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে নাগাল্যান্ড পুলিশ।

পুলিশ আশ্বাস দিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং আইন অনুযায়ী তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। এমনকি নাম-পরিচয় গোপন রেখেও তথ্য দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রদত্ত তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে, প্রমাণ উদ্ধার বা অভিযুক্তদের গ্রেফতারে সহায়ক হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরই পুরস্কারের অর্থ প্রদান করা হবে। একইসঙ্গে নাগরিকদের সর্বদা সতর্ক থাকতে এবং জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে রাজ্য পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande