হরমন্দির সাহিবে প্রার্থনা চিরাগ পাসওয়ানের, আন্দোলনের বদলে কথোপকথনের পক্ষে সওয়াল
অমৃতসর, ১৯ জুলাই (হি.স.): কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান রবিবার অমৃতসরের শ্রী হরমন্দির সাহিবে প্রার্থনা করেন। তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও সর্বজনের মঙ্গল কামনা করে অরদাসে অংশ নেন। এ সময় তাঁকে সম্মানসূচক পাগড়িও পরানো হয
হরমন্দির সাহিবে প্রার্থনা চিরাগ পাসওয়ানের, আন্দোলনের বদলে কথোপকথনের পক্ষে সওয়াল


অমৃতসর, ১৯ জুলাই (হি.স.): কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান রবিবার অমৃতসরের শ্রী হরমন্দির সাহিবে প্রার্থনা করেন। তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও সর্বজনের মঙ্গল কামনা করে অরদাসে অংশ নেন। এ সময় তাঁকে সম্মানসূচক পাগড়িও পরানো হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে চিরাগ বলেন, শ্রী হরমন্দির সাহিবে এলে তিনি সবসময় বিশেষ আধ্যাত্মিক শক্তি ও মানসিক শান্তি অনুভব করেন। বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক শক্তি ও সঠিক দিশার প্রয়োজন আরও বেশি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, তাঁর বাবা তথা লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রামবিলাস পাসওয়ানই তাঁর রাজনৈতিক আদর্শ। সেই আদর্শ মেনেই দল সারা দেশে সাংগঠনিক বিস্তার ঘটাচ্ছে। পঞ্জাবেও উন্নয়ন ও জনস্বার্থের বিষয় নিয়ে মানুষের কাছে পৌঁছবে দল।

চিরাগের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পঞ্জাব প্রাপ্য উন্নয়ন থেকে বঞ্চিত। কংগ্রেস, শিরোমণি আকালি দল এবং আম আদমি পার্টিকে নিশানা করে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই দলগুলির সরকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

যন্তর-মন্তরে চলা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার সকলের রয়েছে। তবে শুধু আন্দোলনের মাধ্যমে নয়, সরকার ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে গঠনমূলক কথোপকথনের মাধ্যমেই সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রয়োজনীয় সংস্কার জরুরি। পাশাপাশি তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে আন্দোলনকে ব্যবহার করছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আলোচনার মাধ্যমেই সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করা উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande