বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, ডেস্কটপ সংস্করণ অচল হওয়ায় ভোগান্তিতে লক্ষাধিক ব্যবহারকারী
নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.) : রবিবার দুপুরে হঠাৎ করেই বিশ্বজুড়ে বড়সড় বিভ্রাটের মুখে পড়ল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক । ভারতীয় সময় দুপুর ১টা নাগাদ এই যান্ত্রিক ত্রুটি শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারী চরম সমস্যার সম্মু
ফেসবুক


নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.) : রবিবার দুপুরে হঠাৎ করেই বিশ্বজুড়ে বড়সড় বিভ্রাটের মুখে পড়ল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক । ভারতীয় সময় দুপুর ১টা নাগাদ এই যান্ত্রিক ত্রুটি শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারী চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে ডেস্কটপ বা কম্পিউটার থেকে যাঁরা ফেসবুক ব্যবহার করেন, তাঁরাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

সূত্রের খবর, রবিবার দুপুর থেকেই ফেসবুকের সার্ভারে সমস্যার সূত্রপাত হয়। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ফেসবুক লগ-ইন করার চেষ্টা করলেই স্ক্রিনে ভেসে উঠছে একটি বার্তা— ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে উপলব্ধ নয়’ । এর ফলে ব্যবহারকারীরা নতুন কোনও পোস্ট করা, বার্তা আদান-প্রদান (মেসেজ) করা কিংবা প্রয়োজনীয় আপডেট দেখার মতো কোনও কাজই করতে পারছেন না। তবে স্বস্তির বিষয় হল, স্মার্টফোনে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনও সমস্যা দেখা যায়নি। মোবাইলে স্বাভাবিকভাবেই কাজ করছে এই প্ল্যাটফর্মটি।

এদিকে বিভ্রাটের খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার ব্যবহারকারী অন্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে নিজেদের ক্ষোভ ও অভিযোগ জানাতে শুরু করেছেন। জানা গিয়েছে, এই সমস্যাটি কেবল ভারতে নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে এক লক্ষেরও বেশি ব্যবহারকারী এই বিভ্রাটের বিষয়ে রিপোর্ট করেছেন।

তবে ফেসবুকের মূল সংস্থা ‘মেটা’-র তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কেন এমন আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দিল বা ঠিক কতক্ষণের মধ্যে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিয়েও ধোঁয়াশা কাটেনি। ফলে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে যাঁরা ব্যবসায়িক কাজে ফেসবুকের ওপর নির্ভরশীল, তাঁরা চরম বিপাকে পড়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande