
দেহরাদূন, ১৯ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের নৈনিতাল, চম্পাবত এবং উধম সিং নগর জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে| জারি করা হয়েছে সতর্কতা| দেহরাদূন, টিহরি, পৌরি, হরিদ্বার এবং বাগেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, আলমোড়া ও পিথোরাগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দেহরাদূন, হরিদ্বার এবং টিহরি জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে| পাশাপাশি, মঙ্গল ও বুধবার উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি থাকবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে সংবেদনশীল এলাকাগুলিতে ক্রমাগত নজরদারি, দুর্যোগ মোকাবিলা কেন্দ্রগুলিকে সক্রিয় রাখা, ত্রাণ ও উদ্ধারকারী দল মোতায়েন এবং ধসপ্রবণ রাস্তাগুলিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এরই মধ্যে রবিবার সকাল থেকেই দেহরাদূন-সহ রাজ্যের বেশিরভাগ অংশে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। উল্লেখ্য, বিগত ২৪ ঘণ্টায় হলদোয়ানিতে ১০৮ মিমি, ধারচুলায় ৯২.৪ মিমি, দেহরাদূন (হাথিবড়কলা)-এ ৯৩ মিমি এবং মালদেবতায় ৮০.৫ মিমি বৃষ্টিপাত নথিভুক্ত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ