
নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার তাঁর সাত দিনের তিন দেশীয় রাষ্ট্রীয় সফরের প্রথম দফায় মলদোভার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি ১৯ ও ২০ জুলাই মলদোভায় রাষ্ট্রীয় সফরে থাকবেন। উল্লেখ্য, কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটিই প্রথম মলদোভা সফর।
মলদোভা সফরকালে রাষ্ট্রপতি মুর্মু তাঁর সমকক্ষ মলদোভার রাষ্ট্রপতি মাইয়া স্যান্ডুর সঙ্গে দ্বিপাক্ষিক এবং প্রতিনিধি দল স্তরের বৈঠক করবেন। এর পাশাপাশি মলদোভার সংসদীয় স্পিকার ইগর গ্রোসুর সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, রাষ্ট্রপতি মুর্মু ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়ার রাষ্ট্রীয় সফরে থাকবেন। তিনি আরও বলেন, ভারতের কোনো রাষ্ট্রপতির এটাই প্রথম মলদোভা এবং উত্তর ম্যাসেডোনিয়া সফর, অন্যদিকে রোমানিয়ায় রাষ্ট্রপতি স্তরের সফর হচ্ছে দীর্ঘ তিন দশক পর। এই সফরের ফলে তিনটি দেশের সঙ্গেই ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
মলদোভা সফরের সময় রাষ্ট্রপতি মুর্মু ও রাষ্ট্রপতি মাইয়া স্যান্ডুর মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে। দুই দেশের মধ্যে কৃষি, স্বাস্থ্য পরিষেবা, ওষুধ শিল্প, তথ্যপ্রযুক্তি এবং শিক্ষার মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে কথা হবে। বিদেশ মন্ত্রকের মতে, এই ক্ষেত্রগুলিতে দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক অংশীদারিত্বের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
মলদোভা সফরের পর রাষ্ট্রপতি মুর্মু ২১ ও ২২ জুলাই উত্তর ম্যাসেডোনিয়া যাবেন। এটিও কোনো ভারতীয় রাষ্ট্রপতির ওই দেশে প্রথম রাষ্ট্রীয় সফর। সেখানে তিনি রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কা-দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান মিকোসস্কি ও সংসদীয় স্পিকারের সাথে সাক্ষাৎ করবেন এবং উত্তর ম্যাসেডোনিয়ার সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি ভারত-উত্তর ম্যাসেডোনিয়া বিজনেস ফোরামেও বক্তব্য রাখবেন। দুই দেশের মধ্যে কৃষি, ওষুধ শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি ভিত্তিক পরিষেবাগুলিতে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।
সফরের শেষ দফায় রাষ্ট্রপতি মুর্মু ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত রোমানিয়ার রাষ্ট্রীয় সফরে থাকবেন। তিন দশকেরও বেশি সময় পর এটি কোনো ভারতীয় রাষ্ট্রপতির রোমানিয়া সফর হতে চলেছে। সেখানে তিনি রাষ্ট্রপতি নিকুসোর ড্যানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, ভারত-রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন এবং ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।
ইউরোপীয় ইউনিয়নে রোমানিয়া ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির অভিমুখে যে অগ্রগতি হচ্ছে, তার ফলে আগামী বছরগুলিতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি