
নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতারা সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর বাসভবনে এই বৈঠক হয়। সেই বৈঠক ও স্মারকলিপি দেওয়ার ছবিও প্রকাশ্যে এসেছে। সিজেপি মুখপাত্র সৌরভ দাস এক্স-এ একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন। অন্য একটি পোস্টে সৌরভ দাস বলেন, তিনি এবং আশুতোষ রাঙ্কা জেপি নাড্ডার সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছেন। তাঁদের দাবি-সম্বলিত একটি চিঠিও দেন বলে জানান তিনি|
উল্লেখ্য, ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সংসদ চলো কর্মসূচিকে ঘিরে সোমবার ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় দিল্লিতে। সোমবার সিজেপি-র সংসদ অভিযানের কর্মসূচির কথা মাথায় রেখে ব্যাপক পুলিশ কর্মী মোতায়েন করা হয়। এদিকে, এদিন দুপুরে ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ অভিযান সংসদ মার্গে পৌঁছয়। এর আগে প্রতিবাদীরা দাবি করেন, মিছিলকে ছত্রভঙ্গ করতে তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছিল পুলিশ। ককরোচ জনতা পার্টির এই অভিযানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। যন্তর মন্তরে মিছিল শুরুর জন্য জমায়েত শুরু হতেই লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এদিন বেলার দিকে সংসদ ভবনে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পথচারীদেরও সংসদ ভবনের আশপাশ দিয়ে যাতায়াত করতে দেওয়া হয়নি সেসময়। ককরোচ জনতা পার্টির এই অভিযান রুখতে আঁটোসাঁটো নিরাপত্তা ছিল গোটা সংসদ চত্বরে। জারি করা হয় কড়া সতর্কতা। যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলায় সোমবার দুপুরে সংসদ চত্বরে প্রস্তুত রাখা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাংসদও যোগ দেন এই কর্মসূচিতে। সপা সাংসদ ডিম্পল যাদব, ইকরা হাসান এবং প্রিয়া সরোজ বলেন, ছাত্রদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা যাবেন না।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ