
নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): দেশের লক্ষ্য অর্জনের জন্য ইতিবাচক মনোভাব অপরিহার্য, সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে সংসদ চত্বরে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেখানে তথ্য ও যুক্তি বিদ্যমান, সেখানে কোনও উত্তাল পরিস্থিতির অবকাশ নেই। তিনি বলেন, দেশের লক্ষ্য অর্জনের জন্য ইতিবাচক মনোভাব অপরিহার্য। আমাদের সংসদে অত্যন্ত অভিজ্ঞ সব সংসদ সদস্য রয়েছেন। দলীয় পরিচয় নির্বিশেষে তাঁদের রয়েছে বিপুল অভিজ্ঞতা। বর্তমান পরিস্থিতিতে সংসদ ও দেশ— উভয়েরই তাঁদের সেই অভিজ্ঞতা ও জ্ঞানের প্রয়োজন। তাই আমি মনে করি, সংসদের সুষ্ঠু কার্যক্রম, অর্থবহ আলোচনা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্মিলিত সংকল্পই এখন সময়ের দাবি। উচ্চাকাঙ্ক্ষায় উদ্বেলিত দেশের তরুণসমাজ চায় আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই।
প্রধানমন্ত্রী আরও বলেন, যুক্তি ও তথ্য যখন জোরালো হয়, তখন শান্ত আচরণ নিয়েও নিজের বক্তব্য কার্যকরভাবে তুলে ধরা যায়। আমি আশা করি, এই ধরনের যুক্তি ও তথ্যের মাধ্যমে সদনের আলোচনা সমৃদ্ধ হবে। প্রতিটি কণ্ঠস্বর যেন কথা বলার সুযোগ পায় এবং প্রতিটি মতকে যেন সম্মান জানানো হয়—আমি সেটাই কামনা করি। আমি সকল সংসদ সদস্যকে এই সদনের কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানাই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ