
শ্রীনগর ও শিমলা, ২০ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। এই পূর্বাভাসের প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ডেপুটি কমিশনার শ্রীকান্ত সুসে বলেন, “আইএমডি ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে। বিষয়টি বিবেচনায় রেখে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে আমরা জনগণের জন্য একটি সতর্কতা বিজ্ঞপ্তি জারি করেছি। আমরা আমাদের জেলা নিয়ন্ত্রণ কক্ষটি সক্রিয় করেছি এবং এর যোগাযোগের নম্বর প্রচার করেছি। এছাড়া, মহকুমা ও তহসিল পর্যায়েও নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং সেখানে কর্মকর্তাদের যোগাযোগের তথ্যও জানিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে নদী-নালা ও ড্রেনের জলস্তর বেড়ে যেতে পারে, তাই আমি জনগণের কাছে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমি সবাইকে নদী ও জলাধার থেকে দূরে থাকার অনুরোধ করছি। আমরা ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর ওপরও নজর রাখছি। জম্মু ও কাশ্মীর পুলিশ, এসডিআরএফ, ‘আপদা মিত্র’ এবং পঞ্চায়েত পর্যায়ের কর্মী-সহ আমাদের সব দলকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করছি যেন তারা জারি করা সতর্কতা মেনে চলেন এবং কোনও গুজবে কান না দেন। শুধুমাত্র জেলা প্রশাসন বা সরকারের আনুষ্ঠানিক তথ্যের ওপরই আস্থা রাখুন এবং পূর্ণ সতর্কতা অবলম্বন করুন।”
এদিকে, হিমাচল প্রদেশে বৃষ্টির পূর্বাভাস প্রসঙ্গে আইএমডি-এর প্রবীণ বিজ্ঞানী সন্দীপ কুমার শর্মা বলেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হামিরপুর জেলায় সর্বোচ্চ প্রায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে; এরপরই রয়েছে মানালি ও কাংড়া। বর্তমানে, ভোর থেকেই চাম্বা, কাংড়া, উনা, বিলাসপুর, হামিরপুর এবং সোলান জেলায় ঘন মেঘ ও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সামগ্রিকভাবে, ২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, ২০ ও ২১ জুলাই নির্দিষ্ট কিছু জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে; আজ চাম্বা, কাংড়া, মান্ডি এবং সিরমৌর জেলার জন্য 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। আগামীকাল আবহাওয়ার বড় কোও পরিবর্তন হবে না এবং এই জেলাগুলোর পাশাপাশি কুল্লু জেলাতেও 'রেড অ্যালার্ট' বহাল থাকবে। আজ উনা, হামিরপুর, কুল্লু এবং সোলান জেলার জন্য 'অরেঞ্জ অ্যালার্ট' জারি করা হয়েছে এবং লাহুল-স্পিতি ও কিন্নরেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে; ফলে ২০ ও ২১ জুলাই লাহুল-স্পিতি, কিন্নর ও বিলাসপুর জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য 'ইয়েলো অ্যালার্ট' জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পরামর্শ অনুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের এই ধারা বেশ সক্রিয় থাকবে, যার ফলে নদী, নালা ও অন্যান্য জলাশয়ে জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জনসাধারণের কাছে জলাশয়ের কাছাকাছি না যাওয়ার অনুরোধ জানাচ্ছি। এছাড়া, বিশেষ করে মহাসড়কগুলোর পাশে ভূমিধসের ঝুঁকি রয়েছে; ভ্রমণকারীদের সর্বশেষ পরিস্থিতি জেনে নিতে এবং রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে। ২৪ জুলাইয়ের পর পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ