
নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): রাজ্যসভায় সোমবার কক্ষের প্রয়াত সদস্য এবং কাতারের প্রাক্তন আমিরকে শ্রদ্ধা জানানো হয়। চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন প্রাক্তন সদস্য বলবীর পুঞ্জ, স্বপন সাধন বোস (টুটু বোস), রঙ্গসাই রামকৃষ্ণ এবং এইচ. হনুমন্তপ্পার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন।
রাজ্যসভার চেয়ারম্যান বলেন, বলবীর পুঞ্জ একজন প্রখ্যাত সাংবাদিক, লেখক ও চিন্তাবিদ ছিলেন; অন্যদিকে স্বপন সাধন বোস ভারতীয় ফুটবল এবং ক্রীড়া প্রশাসনে নতুন দিশা দেখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। রঙ্গসাই রামকৃষ্ণকে একজন নিবেদিতপ্রাণ জনসেবক ও দক্ষ প্রশাসক হিসেবে স্মরণ করা হয়, আর এইচ. হনুমন্তপ্পা গ্রামীণ উন্নয়ন, সেচ, কৃষকদের কল্যাণ ও সমাজসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছিলেন। চেয়ারম্যান বলেন, এঁদের প্রয়াণে দেশ একঝাঁক অভিজ্ঞ সাংসদ ও জনসেবককে হারাল।
চেয়ারম্যান কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির প্রয়াণেও শোক প্রকাশ করেন। তিনি বলেন, শেখ হামাদ আধুনিক কাতারের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ভারত-কাতার সম্পর্ককে মজবুত করতেও তাঁর বিশেষ অবদান ছিল।
শ্রদ্ধা জানানোর পর চেয়ারম্যানের অনুরোধে সকল সদস্য নিজ নিজ স্থানে দাঁড়িয়ে প্রয়াতদের আত্মার স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি