
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সংসদের দুই কক্ষ। মঙ্গলবার বারবার হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা, দুই কক্ষের কার্যক্রমই দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।
এর আগে একবার কার্যক্রম মুলতুবি হয়ে যায়| অধিবেশন পুনরায় শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই লোকসভায় হট্টগোল শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সভাধ্যক্ষ বলেন, ‘‘গোটা দেশ সংসদের কার্যক্রম দেখছে। আমি আপনাদের নিজেদের আসনে বসে সভার কাজ চলতে দেওয়ার অনুরোধ করছি। এই আচরণ কি উপযুক্ত?’’ এরপরই দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
রাজ্যসভাতেও দুপুর ১২টায় অধিবেশন পুনরায় শুরু হওয়ার পরপরই হট্টগোল শুরু হয়। কংগ্রেস সভাপতি তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন প্রতিবাদ এবং প্রস্তাবিত সংসদ ভবন অভিযানের সময় পুলিশের পদক্ষেপের প্রসঙ্গ তুললে বিরোধী সাংসদরা আলোচনার দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাজ্যসভার অধিবেশনও দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
অন্যদিকে, লোকসভায় আন্দোলনরত ছাত্রদের উপর কথিত পুলিশি ‘নির্মমতা’ নিয়ে আলোচনার দাবি তুলেছেন বিরোধী সাংসদরা। এই দাবিকে কেন্দ্র করেই সংসদের দুই কক্ষে অচলাবস্থা তৈরি হয়। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার রাজ্যসভায় ‘বন্দে মাতরম্’-কে আরও সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটি বিল পেশ করতে পারেন বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য