
লখনউ, ২১ জুলাই (হি.স.): রাজ্যে নারী শিক্ষার হার বাড়াতে এবং ছাত্রীদের ক্ষমতায়নের লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল উত্তর প্রদেশ সরকার। মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়। রাজ্য সরকারের এই পদক্ষেপে উচ্চশিক্ষায় মহিলা শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের বিষয়টি জানান উত্তর প্রদেশের মন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়। তিনি বলেন, এর লক্ষ্য হলো ‘রানি লক্ষ্মীবাঈ স্কুটি প্রকল্প’-র মাধ্যমে নারীদের ক্ষমতায়ন। এর আওতায় রয়েছে রাজ্য বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, রাজ্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ, সরকারি কলেজ, অনুদানপ্রাপ্ত কলেজ এবং অন্যান্য সকল যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রকল্পের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শীর্ষ স্থানাধিকারী ৫ শতাংশ ছাত্রী মেধার ভিত্তিতে এই সুবিধা পাবে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ