নিট ইস্যুতে রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ ধর্মেন্দ্র প্রধানের
নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): নিট প্রশ্নফাঁস এবং পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা রাজনৈতিক চাপানউতোরের মধ্যে কংগ্রেস ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলব
নিট বিতর্কে রাহুলকে তীব্র আক্রমণ ধর্মেন্দ্র প্রধানের, ‘ছাত্রদের ব্যবহার করে সংসদ অচল করার চেষ্টা’


নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): নিট প্রশ্নফাঁস এবং পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা রাজনৈতিক চাপানউতোরের মধ্যে কংগ্রেস ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

মঙ্গলবার রাতে এক্স-এ পোস্ট করে তিনি অভিযোগ করেন, কংগ্রেস এবং রাহুল গান্ধী ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সংসদের বাদল অধিবেশনে ইচ্ছাকৃতভাবে অচলাবস্থা তৈরি করছেন।

ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘‘রাহুল গান্ধী এবং কংগ্রেস নির্লজ্জভাবে ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সংসদের বাদল অধিবেশনে অশান্তি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’’

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের ধর্না কর্মসূচিরও সমালোচনা করেন তিনি। শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, রাহুল গান্ধী এবং কংগ্রেস প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্না দিয়ে সাধারণ মানুষের অসুবিধা তৈরি করেছেন এবং প্রতিষ্ঠিত নিরাপত্তা বিধি উপেক্ষা করেছেন।

ধর্মেন্দ্র প্রধানের দাবি, সরকার নিট এবং পরীক্ষাব্যবস্থা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে। তা সত্ত্বেও কংগ্রেস গণতান্ত্রিক বিতর্কের পরিবর্তে রাজনৈতিক প্রদর্শনকেই বেছে নিয়েছে। তাঁর কথায়, কংগ্রেসের লক্ষ্য কখনওই ছাত্রদের সমস্যার সমাধান ছিল না, বরং রাজনৈতিক শিরোনাম তৈরি করে সংসদে অচলাবস্থা সৃষ্টি করা।

তিনি আরও বলেন, ‘‘রাহুল গান্ধীর কাছে এই বিষয়টি ছাত্রদের নিয়ে নয়। আলোচনার প্রতিটি গণতান্ত্রিক পথ খোলা থাকার পরেও প্রতিটি প্রকৃত সমস্যাকে রাজনৈতিক সংঘাতে পরিণত করাই তাঁর লক্ষ্য।’’

শিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার নিট নিয়ে সংসদে আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং দেশের যুবসমাজের প্রতিটি প্রকৃত উদ্বেগের সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর কথায়, ‘‘দেশের ছাত্ররা রাজনৈতিক প্রচারের হাতিয়ার হওয়ার চেয়ে অনেক বেশি কিছু পাওয়ার যোগ্য। তাঁদের বিশৃঙ্খলার পরিবর্তে নিশ্চয়তা, স্লোগানের পরিবর্তে সমাধান এবং অচলাবস্থার পরিবর্তে দায়িত্বশীলতা প্রয়োজন।’’

ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, ছাত্রদের প্রতি শুধু ক্ষোভ প্রকাশ করাই যথেষ্ট নয়। তাঁদের জবাব, পরীক্ষাব্যবস্থায় সংস্কার এবং জবাবদিহি দিতে হবে। সরকার সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস এবং পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে রাজনৈতিক উত্তেজনা চলছে। সোমবার সংসদ অভিযানের সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিষয়টি আরও তীব্র আকার নেয়। এর পরেই কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়। অন্যদিকে, বিরোধীদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা আক্রমণ শুরু করেছে কেন্দ্র।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande