
নয়াদিল্লি ও পাটনা, ২২ জুলাই (হি.স.): দিল্লিতে যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সমর্থকরা। বুধবার বেলা থেকেই যন্তর মন্তরে ফের ভিড় বাড়তে শুরু করেছে। তাঁদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এদিন সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্লোগান দেন, ‘ভারত মাতা কি জয়’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘জয় ভীম’ এবং ‘ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা দো’।
তবে শুধু দিল্লিতে নয়, এই আন্দোলনের আঁচ গিয়ে পড়েছে ভিন রাজ্যেও। এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ হয়েছে বিহারে। নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বুধবার পাটনায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন এক শিক্ষার্থী বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত। তাঁর কারণে বেশ কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তিনি এই পদে থাকলে আবারও এমন ঘটতে পারে। আমাদের একমাত্র দাবি, তাঁর পদত্যাগ| আরেক পড়ুয়া বলেন, ক্রমাগত প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এটা খুবই অন্যায়। আমরা যন্তর মন্তরের প্রতিবাদের মতোই শান্তিপূর্ণভাবে এখানে (পাটনায়) প্রতিবাদ করছি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ