উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক কেজরিওয়ালের, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): নিট প্রশ্নফাঁস এবং দেশের পরীক্ষা ব্যবস্থার বিরুদ্ধে চলা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের সুর আরও তীব্র হলো। বুধবার শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করলেন আম আদমি পার্টির
উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক কেজরিওয়ালের, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি


নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): নিট প্রশ্নফাঁস এবং দেশের পরীক্ষা ব্যবস্থার বিরুদ্ধে চলা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের সুর আরও তীব্র হলো। বুধবার শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করলেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাংসদ সঞ্জয় রাউতের বাসভবনে এই বৈঠক হয়। বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান কেজরিওয়াল।

বৈঠকের পর কেজরিওয়াল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি, পরীক্ষা ব্যবস্থা এবং যুবসমাজের দেশজুড়ে চলা আন্দোলন নিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর দাবি, যন্তর -মন্তরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, ক্ষুব্ধ এবং হতাশ। মঙ্গলবার তিনি নিজে যন্তর-মন্তরে গিয়েছিলেন। পরবর্তীতে উদ্ধব ঠাকরেও সেখানে গিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রী ও তাঁদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন।

কেজরিওয়াল বলেন, “সারা রাত কনট প্লেস, জনপথ এবং যন্তর-মন্তরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবকদের ভিড় ছিল। এই তরুণরাই দেশের ভবিষ্যৎ।” তাঁর অভিযোগ, একের পর এক প্রশ্নফাঁসের ঘটনায় দেশের পরীক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে কেজরিওয়াল বলেন, শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব ছিল। কিন্তু সেই দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, নিজেদের দাবিদাওয়া নিয়ে যুবসমাজ যখন রাস্তায় নেমেছে, তখন তাঁদের উপর লাঠিচার্জ ও পুলিশি বলপ্রয়োগ করা হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, “যখন একের পর এক মন্ত্রীকে বদল করা যায়, তখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে পারেন না কেন?” কেজরিওয়ালের দাবি, নৈতিক দায়িত্ব নিয়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত এবং দেশের পরীক্ষা ব্যবস্থার সংস্কারে অবিলম্বে কার্যকর পদক্ষেপ করা দরকার। তিনি বলেন, ছাত্রছাত্রীদের আন্দোলনের প্রতি আম আদমি পার্টির সমর্থন অব্যাহত থাকবে।

এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরেও। নিট প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশি পদক্ষেপের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো মানুষদের সঙ্গে কঠোর আচরণ করা হচ্ছে। এই ধরনের পদক্ষেপকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

উদ্ধব ঠাকরের অভিযোগ, ছাত্রছাত্রীদের সঙ্গে এই ধরনের আচরণের ফলে সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে অসন্তোষ আরও বাড়ছে। তিনি স্পষ্ট জানান, সিজেপি এবং ছাত্রছাত্রীদের চলমান আন্দোলনের প্রতি তাঁর সমর্থন থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande