
নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাগরিকা ঘোষ বলেন, মোদী সরকার শিক্ষার্থীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ব্যবহার করছে—এটা লজ্জাজনক। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ২০ জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদেই তরুণরা আন্দোলনে নেমেছে। আপনারা কেমন সরকার? কৃষকরা যখন আন্দোলন করছিলেন, তখনও আপনারা তাঁদের ওপর কাঁদানে গ্যাস চালিয়েছিলেন এবং তাঁদের 'খলিস্তানি' বলে অভিহিত করেছিলেন। মহিলা কুস্তিগিররা যখন আন্দোলন করছিলেন, তখনও আপনারা তাঁদের সঙ্গে কোনও আলোচনা করেননি। তরুণ সমাজ, নারী কুস্তিগির কিংবা কৃষকদের নিয়ে মোদী সরকার আসলে কিসের ভয় পাচ্ছে?
সাগরিকা আরও বলেন, তরুণদের সঙ্গে আপনার খোলামেলা আলোচনা করা উচিত। শিক্ষার্থীদের ওপর হিংসা চালানো যাবে না—এই দাবিতে পুরো বিরোধী দল ঐক্যবদ্ধ। ধর্মেন্দ্র প্রধান কেন পদত্যাগ করছেন না? কাঁদানে গ্যাস বা লাঠিচার্জ দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। শিক্ষার্থীদের ওপর যেভাবে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে, তা প্রমাণ করে যে আপনারা (বিজেপি) একটি ব্যর্থ সরকার।'
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ