
কলকাতা, ২৩ জুলাই (হি. স.) :
কলম্বো'তে অনূর্ধ্ব - ১৯ যুব টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স। এর পরিপ্রেক্ষিতেই ভারতের স্মরণীয় জয়। নাম ভূমিকায় - বাংলার প্রতিভাবান তরুণ স্পিনার রোহিত। শ্রীলঙ্কা অনূর্ধ্ব - ১৯ দলের বিরুদ্ধে দ্বিতীয় বহুদিবসীয় ম্যাচে ২১১ রানের বড় ব্যবধানে জিতে সিরিজ ১ - ০ ব্যবধানে নিজেদের দখলে নিল ভারত। সেই জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন বাংলার এই উদীয়মান স্পিনার।
উল্লেখ্য, ম্যাচের প্রথম ইনিংসে রোহিত মাত্র ৬ ওভার বল করে ৩টি মেডেনসহ ১৪ রান দিয়ে তুলে নেয় ২টি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ। দ্বিতীয় ইনিংসে আরও ভয়ংকর রূপে এদিন দেখা যায় তাঁকে। ১৬ ওভার বল করে ৩টি মেডেন সহ ৪৯ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেয়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ঘুরে দাঁড়ানোর সমস্ত সম্ভাবনা কার্যতঃ শেষ করে দেন বাংলার ওই তরুণ।
দুই ইনিংস মিলিয়ে মোট ৬টি উইকেট নিয়ে রোহিত প্রমাণ করলেন, বড় মঞ্চেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম। তাঁর নিখুঁত লাইন-লেন্থ, ধৈর্য এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিং করার দক্ষতা ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সে নিয়েছে। ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটে বাংলার এই প্রতিভাবান স্পিনার যে বিশেষ নজর কেড়েছেন, তা বলাই বাহুল্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত