
কলকাতা, ২৪ জুলাই (হি.স.): তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট স্থিত বাসভবনগুলির নির্মাণের বৈধতা যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করেছে কলকাতা পৌরসংস্থা। অনুমোদিত নকশা এবং ভবন নির্মাণ সংক্রান্ত নিয়ম মেনে ভবনগুলি নির্মাণ করা হয়েছে কি না, পৌরসংস্থা তা পরীক্ষা করে দেখছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পৌরসংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনীয় নথিপত্র সহ উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছিল। শুক্রবার অমিত বন্দ্যোপাধ্যায় নিজে পৌরসংস্থার কার্যালয়ে উপস্থিত হননি। তবে তাঁর পক্ষে এক আইনজীবী এসে ভবন নির্মাণ সংক্রান্ত সমস্ত নথি কেএমসি-র কাছে জমা দিয়েছেন।
পৌরসংস্থার তরফ থেকে কালীঘাটের দুটি বাসভবন সম্পর্কিত অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ নথি এবং অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত কোনো নির্মাণ করা হয়েছে কি না—সেই সংক্রান্ত বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছিল। এর জন্য অমিত বন্দ্যোপাধ্যায়কে আলিপুরের কেএমসি বোরো-৯ বিল্ডিং বিভাগে তলব করা হয়।
উল্লেখ্য, গত জুন মাসে কলকাতা পৌরসংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যুক্ত একাধিক ঠিকানায় নোটিশ পাঠিয়েছিল। পরবর্তীতে অমিত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী লতা বন্দ্যোপাধ্যায় সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের দাখিল করা আবেদনে দাবি করা হয় যে, কালীঘাটের দুটি বাড়ির নির্মাণই সম্পূর্ণ বৈধভাবে করা হয়েছে এবং পৌরসংস্থার নোটিশটি খারিজের আবেদন জানানো হয়।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যুক্ত সংস্থা 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর সম্পত্তিও পৌরসংস্থার তদন্তের আওতায় রয়েছে। পৌরসংস্থা এই সংস্থাকেও নোটিশ জারি করে ভবন নির্মাণের বৈধ কাগজপত্র এবং অনুমোদিত বিল্ডিং প্ল্যান পেশ করতে নির্দেশ দিয়েছে।
পৌরসংস্থার আধিকারিকদের মতে, জমা দেওয়া নথিগুলি খতিয়ে দেখার পর এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি