
কলকাতা, ২৪ জুলাই (হি.স.) : ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিয়ালদার আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালে। জানা গেছে, আন্দোলনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে— এই অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি হাসপাতালে এসে আন্দোলনকারী পড়ুয়াদের কাছে জানতে চান। জবাবে ডাক্তারি পড়ুয়ারা জানান, রোগী পরিষেবার গুরুত্ব সম্পর্কে তাঁরা সচেতন এবং আন্দোলনের পাশাপাশি চিকিৎসা পরিষেবাও চালু রাখা হবে। এই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে ওই ব্যক্তিরা আন্দোলনকারীদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, বচসা চলাকালীন ওই বহিরাগতদের একাংশ তাঁদের উদ্দেশ্যে অপমানজনক কটাক্ষ ছুড়ে দেন। উত্তেজনার বাড়লে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ