বৈধ মালিককে আবাসনের দখল ফেরানোর নিদান, তৃণমূল নেতার বাড়িতে ফুল-মিষ্টি দিয়ে ৭ দিনের সময়সীমা বিজেপির
দুর্গাপুর, ২৪ জুলাই( হি. স.): বৈধ নথি থাকা সত্ত্বেও তৃণমূল আমলে জোর করে দখল হয়ে যাওয়া আবাসন প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে এবার তৃণমূল নেতার বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে হাজির হল বিজেপি। একইসঙ্গে আবাসন খালি করার জন্য সাত দিনের সময়সীমাও বেঁধে
বৈধ মালিককে আবাসনের দখল ফেরানোর নিদান, তৃণমূল নেতার বাড়িতে ফুল-মিষ্টি দিয়ে ৭ দিনের সময়সীমা বিজেপির


দুর্গাপুর, ২৪ জুলাই( হি. স.): বৈধ নথি থাকা সত্ত্বেও তৃণমূল আমলে জোর করে দখল হয়ে যাওয়া আবাসন প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে এবার তৃণমূল নেতার বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে হাজির হল বিজেপি। একইসঙ্গে আবাসন খালি করার জন্য সাত দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল শিল্পশহর দুর্গাপুরের এমএএমসি টাউনশিপ।

জানা গিয়েছে, এমএএমসি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সংস্থার আবাসনগুলি শ্রমিক-কর্মচারীদের লিজ দেওয়া হয়েছিল। সেই সূত্রে এমএএমসি টাউনশিপে একটি কোয়ার্টার পেয়েছিলেন দারা সিংয়ের বাবা। দারা সিংয়ের দাবি, আবাসনের বৈধ নথি থাকা সত্ত্বেও তৃণমূল আমলে জোর করে সেটি দখল করে নেওয়া হয়। অভিযোগ, স্থানীয় তৎকালীন তৃণমূল কাউন্সিলরের মদতে একটি সিন্ডিকেট মোটা টাকার বিনিময়ে ওই আবাসন অন্যদের হাতে তুলে দিত।

সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর আবাসন ফিরে পাওয়ার আশায় গুজরাট থেকে দুর্গাপুরে আসেন দারা সিং। তিনি তাঁর বৈধ নথিপত্র স্থানীয় তৃণমূল কর্মী এবং বিধায়কের কাছে দেখান বলে দাবি। এরপর শুক্রবার বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে নিজের দখল হয়ে যাওয়া আবাসনে যান তিনি।

অভিযোগ, সেখানে পুলিশের উপস্থিতিতে তৎকালীন তৃণমূল নেতা দীপক রায় ওরফে গেন্ডাকে ডেকে পাঠানো হয়। উপস্থিত সকলের সামনে দারা সিংকে তাঁর আবাসন ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে দীপক রায়ের বাড়িতে গোলাপ ফুল ও মিষ্টির প্যাকেট দিয়ে আবাসন খালি করার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেন বিজেপি কর্মীরা।

এদিন ঘটনাস্থলে নেতৃত্বে থাকা বিজেপি কর্মী স্বাধীন রায় অভিযোগ করেন, “তৃণমূলের তৎকালীন কাউন্সিলর লাভলি রায়ের মদতে এমএএমসি এলাকায় সিন্ডিকেটরাজ চলত। তাঁর অনুগামীরা এমএএমসির সরকারি আবাসনগুলি ৮০-৯০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছে। এমন ২৪টি আবাসন বিক্রির তালিকা আমরা পেয়েছি। আজ প্রকৃত মালিক দারা সিংকে তাঁর আবাসন ফিরিয়ে দেওয়ার দাবিতে এসেছি। গেন্ডাকে সাত দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে আবাসন ফিরিয়ে না দিলে ডিম থেরাপি হবে।”

অন্যদিকে, আবাসনের বৈধ মালিক দারা সিং বলেন, “আগের সরকারের আমলে বহুবার আবেদন করেছি। কিন্তু কোনও বিচার পাইনি। ভয় দেখানো হত, হুমকি দেওয়া হত। তাই রুজির তাগিদে গুজরাটে চলে গিয়েছিলাম। এখন রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। তাই আবাসন ফিরে পাওয়ার আশায় দুর্গাপুরে এসেছি।”

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এদিন কোনও মন্তব্য করেননি দীপক রায় ওরফে গেন্ডা।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande