(আপডেট) ব্যাংক জালিয়াতি মামলায় পুরুলিয়ায় ইডির তল্লাশি, ব্যবসায়ীর বাড়ি ও রেস্তোরাঁয় হানা
পুরুলিয়া, ২৪ জুলাই (হি.স.) : ব্যাংক জালিয়াতির মামলায় এবার পুরুলিয়া জেলায় সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার অন্তর্গত পরবেলিয়া বাজারে এক ব্যবসায়ীর বাড়ি ও রেস্তোরাঁ
ইডির লাগে (ফাইল ফটো)


পুরুলিয়া, ২৪ জুলাই (হি.স.) : ব্যাংক জালিয়াতির মামলায় এবার পুরুলিয়া জেলায় সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার অন্তর্গত পরবেলিয়া বাজারে এক ব্যবসায়ীর বাড়ি ও রেস্তোরাঁয় একযোগে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। অভিযান চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুরো এলাকা ঘিরে ফেলেন। ওই ব্যবসায়ীর নাম সুরজ বিশ্বকর্মা বলে জানা গেছে।

ইডি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৬টা নাগাদ তদন্তকারী দল সুরজ বিশ্বকর্মার বাসভবন এবং তাঁর মালিকানাধীন ‘সুরজ ফ্যামিলি রেস্টুরেন্ট’-এ তল্লাশি শুরু করে। অভিযানের সময় ব্যবসায়ী সুরজ বিশ্বকর্মা বাড়িতেই উপস্থিত ছিলেন এবং আধিকারিকরা তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বহুজাতিক ব্যাংকের সঙ্গে যুক্ত কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলার তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে ইডি আধিকারিকরা ওই ব্যাংকিং লেনদেন সম্পর্কিত নথি ও আর্থিক হিসেবপত্র খতিয়ে দেখছেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলায় ইডি লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। সম্প্রতি চিটফন্ড ও পুরসভা নিয়োগ দুর্নীতির মতো মামলায় রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালানো হয়েছিল। পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা ও প্রকল্প পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণার মামলায় কলকাতা, বনগাঁ ও উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি।

ইডির তথ্য অনুযায়ী, সরকারি পরিষেবা ও সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ২০ হাজার মানুষের কাছ থেকে আনুমানিক ১৬৫ কোটি টাকা প্রতারণা করা হয়েছিল। সেই জালিয়াতি চক্রের শিকড় রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বলে তদন্তে উঠে আসে। ব্যাংক জালিয়াতির সূত্রে পুরুলিয়ায় আজকের এই অভিযানকেও সেই ধারাবাহিক তদন্তেরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande