
নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.): সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, সোনম ওয়াংচুকের জীবন ও স্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ কেজরিওয়াল লেখেন, “সোনম ওয়াংচুকের অনশন ভাঙার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। তাঁর জীবন ও স্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এদিকে, ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র তরফে শুক্রবার দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে সকলকে অংশ নেওয়ার আবেদনও জানিয়েছেন কেজরিওয়াল।
উল্লেখ্য, সোনম ওয়াংচুক ২৬ দিন ধরে অনশন চালিয়ে আসছিলেন। জাতীয় স্তরে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের ন্যায়বিচার এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার দাবিতে চলা বৃহত্তর ছাত্র আন্দোলনের সমর্থনে তাঁর এই অনশন ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য