নিট বিক্ষোভে সাংবাদিকদের ওপর হামলা: কলকাতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও কড়া পদক্ষেপের দাবি প্রেস ক্লাবের
কলকাতা, ২৪ জুলাই (হি. স.) : ''নিট'' প্রশ্নপত্র ফাঁস আন্দোলনকে ঘিরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল প্রেস ক্লাব, কলকাতা। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনের তরফে জানানো হয়েছে, দিল্লির পর এবার কলকাতাতেও আন্দোলন
নিট বিক্ষোভে সাংবাদিকদের ওপর হামলা: কলকাতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও কড়া পদক্ষেপের দাবি প্রেস ক্লাবের


কলকাতা, ২৪ জুলাই (হি. স.) : 'নিট' প্রশ্নপত্র ফাঁস আন্দোলনকে ঘিরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল প্রেস ক্লাব, কলকাতা। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনের তরফে জানানো হয়েছে, দিল্লির পর এবার কলকাতাতেও আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন একাধিক সাংবাদিক ও চিত্রগ্রাহক। ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচি কভার করার সময় হামলায় রক্তাক্ত হন কয়েকজন সংবাদকর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ভাঙচুর করা হয়েছে সংবাদমাধ্যমের ক্যামেরাও।

​প্রেস ক্লাবের দাবি, আন্দোলনের নামে কর্তব্যরত রিপোর্টার ও চিত্রগ্রাহকদের নিশানা করা অত্যন্ত উদ্বেগজনক এবং বিপজ্জনক প্রবণতা। গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার যেমন স্বীকৃত, তেমনই সংবাদ সংগ্রহের কাজে নিযুক্ত সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। সেই অধিকার খর্ব করার কোনো সুযোগ নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

​এদিকে, এই ঘটনায় শুক্রবার তীব্র নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব, কলকাতা। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে তারা। সংগঠনের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক যৌথ বিবৃতিতে বলেন, সংবাদমাধ্যমের ওপর এ ধরনের আক্রমণ গণতান্ত্রিক পরিসরের পক্ষে অশনিসংকেত এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande