বারুইপুরে ইন্দ্রজিৎ মণ্ডল গণপিটুনি-কাণ্ডে আরও এক গ্রেফতার, মোট ধৃত ৯
বারুইপুর, ২৪ জুলাই (হি. স.): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বারুইপুরের সূর্যপুরে ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দিয়ে খুন করা হয়। ইতিমধ্যেই এই গনপিটুনির ঘটনায় আটজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনায় তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ
বারুইপুরে ইন্দ্রজিৎ মণ্ডল গণপিটুনি-কাণ্ডে আরও এক গ্রেফতার, মোট ধৃত ৯


বারুইপুর, ২৪ জুলাই (হি. স.): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বারুইপুরের সূর্যপুরে ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দিয়ে খুন করা হয়। ইতিমধ্যেই এই গনপিটুনির ঘটনায় আটজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনায় তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য পেল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সূর্যপুর এলাকা থেকে লুৎফর শেখ ওরফে লুটো নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ধৃতের সংখ্যা হল নয়। ধৃতের বাড়ি সূর্যপুর হাট সংলগ্ন ভাটপোতা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রজিৎ মণ্ডল গণপিটুনি-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরেই লুৎফর শেখের খোঁজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সূর্যপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তদন্তকারী পুলিশ আধিকারিকরা। ধৃতকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে।

পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে নতুন তথ্য মিললে আরও গ্রেফতার হতে পারে। ইতিমধ্যেই ঘটনার বিভিন্ন দিক, প্রত্যক্ষদর্শীদের বয়ান, ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্যপ্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, সূর্যপুরে ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনের আওতায় সমস্ত অভিযুক্তকে আনার জন্য অভিযান চলছে।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande